রবিবার, ২৪ মে, ২০২৬, ০৮:২৬:৪৩

যেসব জেলায় আজ দীর্ঘসময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

যেসব জেলায় আজ দীর্ঘসময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

এমটিনিউজ২৪ ডেস্ক : জরুরি মেরামত, রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজের কারণে রোববার (২৪ মে) সিরাজগঞ্জ, নওগাঁ ও রাজশাহীর বিভিন্ন এলাকায় দীর্ঘসময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। কোথাও ৩ ঘণ্টা, কোথাও সাড়ে ৩ ঘণ্টা আবার কোথাও টানা ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না বলে জানানো হয়েছে।

নেসকো সিরাজগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ জানিয়েছে, নওপাজেকো-পুঠিয়াবাড়ি ৩৩ কেভি সোলার সোর্স লাইনের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের পাশাপাশি লাইনের আশপাশের গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজ করা হবে। এ কারণে রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩৩ কেভি সোর্স লাইন বন্ধ থাকবে। ফলে এই লাইনের আওতাধীন সব গ্রাহক টানা ৮ ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকবেন।

নেসকো নওগাঁ বিক্রয় ও বিতরণ বিভাগ জানিয়েছে, নওগাঁ ২৩০/১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোববার সকাল ৭টা থেকে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময়ে আরজী নওগাঁ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন তালতলী ফিডারের চক প্রসাদ, লামা শেরপুর, মদিনা ফ্লাওয়ার মিল, জোকাবিলা, তেতুলতলীর মোড়, তালতলী, বাগবাড়ি, চকপ্রাণ, লাটাপাড়া, পলিটেকনিক এলাকা, মৎস্য অফিস ও শাহী মসজিদ এলাকায় বিদ্যুৎ থাকবে না।

একইসঙ্গে আনন্দনগর ফিডারের পাটালীর মোড়, আনন্দনগর, মৃধ্যাপাড়া, চামড়া গুদাম, খাস নওগাঁ, ইদুর বটতলী, খাগড়া ও ফয়েজ উদ্দীন কলেজ এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া আতাইকুলা ফিডারের চকপ্রসাদ, মকরামপুর, শৈলগাছী, পারবাঘাপুর, দরিয়াপুর, হরিশপুর, আতাইকুলা, ২ নম্বর সুইচগেট ও ৩ নম্বর সুইচগেট এলাকায়ও একই সময়ে বিদ্যুৎ থাকবে না।

কুজাইল বাজার ফিডারের নগরব্রিজ, কাশিমপুর, কুজাইল বাজার, সরবরামপুর, ভবানীপুর, দুর্গাপুর, পাগলীর মোড়, ঘোষগ্রাম, ক্ষুদ্রকালিকাপুর ও আন্ধারকোঠা এলাকাও বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে।

পাশাপাশি ত্রিমোহনী ফিডারের চুনাতাপাড়া, সুলতানপুর, চণ্ডিপুর, চুনিয়াগাড়ি, ত্রিমোহনী, কুবরাতলী ও নিজামপুর এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে নেসকো।

নেসকো রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ জানিয়েছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের আশপাশের গাছের ডালপালা কর্তনের কাজ করা হবে।

এ কারণে রোববার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজশাহীর পদ্মা আবাসিক ফিডারের আওতাধীন পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে