রবিবার, ২৪ মে, ২০২৬, ০২:৫৪:৩৫

আর্জেন্টিনার ডিফেন্স লাইন ঘিরে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা

আর্জেন্টিনার ডিফেন্স লাইন ঘিরে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা

স্পোর্টস ডেস্ক : এক সপ্তাহের কিছু বেশি সময় পর, অর্থাৎ ১ জুন বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের স্কোয়াড নিশ্চিতে ফিফার নির্ধারিত সময়সীমা শেষ হবে। তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এখনো দল ঘোষণা করেননি। আর এরই মধ্যে বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে লিওনেল মেসিদের রক্ষণভাগ নিয়ে বড় দুঃসংবাদ ছড়িয়েছে।

শিরোপা ধরে রাখার মিশনে নামতে যাওয়া আর্জেন্টাইন শিবিরে টুর্নামেন্ট শুরুর আগেই ডিফেন্স লাইন ঘিরে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা।

দলের একাধিক ডিফেন্ডারের চোট ও ফিটনেস সমস্যায় দুশ্চিন্তায় আছেন কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার রক্ষণভাগে ধারাবাহিক এই সংকটের কারণে বিশ্বকাপ স্কোয়াড পরিকল্পনায় বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, টুর্নামেন্টের লম্বা ও কঠিন পথ পাড়ি দিতে প্রথাগত কৌশল থেকে সরে এসে স্কোয়াডে বাড়তি ডিফেন্ডার রাখার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছেন তিনি।

আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুলের বরাতে ‘মুন্দো আলবিসেলেস্তে’ জানিয়েছে, সাধারণত বিশ্বকাপ স্কোয়াডে আটজন ডিফেন্ডার রাখা হলেও এবার সেই সংখ্যা বাড়িয়ে নয়জন করার চিন্তাভাবনা চলছে টিম ম্যানেজমেন্টে। রক্ষণভাগের বর্তমান ইনজুরি পরিস্থিতিই কোচিং স্টাফকে এই সতর্ক সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে।

বর্তমানে সবচেয়ে বড় উদ্বেগের নাম ক্রিস্তিয়ান রোমেরো, যিনি ইনজুরির কারণে বিশ্বকাপে তার উপস্থিতি নিয়ে অনিশ্চয়তায় আছেন। পাশাপাশি গঞ্জালো মন্টিয়েলের ফিটনেস সমস্যাও রক্ষণভাগের পরিকল্পনাকে আরও জটিল করে তুলেছে। ফলে স্কালোনির পরিচিত রক্ষণ-কাঠামো বড় ধরনের চাপে পড়েছে।

এছাড়া মূল গোলরক্ষক ও দলের অন্যতম অস্ত্র এমিলিয়ানো মার্টিনেজ তার ডান হাতের রিং ফিঙ্গারে ছোট একটি ফ্র্যাকচার বা চিড় নিয়ে চোটের কবলে পড়েছেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন, কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই এবং বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।

বিশ্বকাপের মতো চাপ ও দীর্ঘ টুর্নামেন্টে মূল ডিফেন্ডারদের সম্ভাব্য অনুপস্থিতি সামাল দিতেই বাড়তি ব্যাকআপ রাখার পরিকল্পনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। নকআউট পর্বে হঠাৎ কোনো বিপর্যয় এড়াতে স্কোয়াডে অতিরিক্ত রক্ষণভাগের খেলোয়াড় রাখাকেই এখন সবচেয়ে নিরাপদ বিকল্প হিসেবে দেখছেন কোচ।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা আবারও শিরোপার অন্যতম দাবিদার। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। তবে মাঠের লড়াই শুরুর আগেই ডিফেন্স লাইনের এই সংকট কতটা প্রভাব ফেলে, সেটিই এখন নজরের কেন্দ্রবিন্দু।

এদিকে বিশ্বকাপ স্কোয়াড নির্বাচন প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার রবার্তো আয়ালা।

তিনি বলেন, ফিফার নির্ধারিত সময়সীমার আগে ২৬ সদস্যের চূড়ান্ত দল এখনও ঘোষণা করেননি স্কালোনি। তার আগে খেলোয়াড় বাছাইয়ের প্রক্রিয়া চলছে একাধিক স্তরে।

আয়ালার মতে, কোচিং স্টাফের প্রত্যেকে আলাদা তালিকা তৈরি করেন, যা পরে গ্রুপ আলোচনায় একত্রিত করা হয়। এরপর স্কালোনি সব মতামত বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

তিনি জানান, সহকারী কোচ রবার্তো আয়ালা, ওয়াল্টার স্যামুয়েল, পাবলো আইমারসহ ফিটনেস ও অ্যানালিটিক্যাল টিমের সদস্যরাও এই প্রক্রিয়ায় যুক্ত থাকেন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে একটি ৫৫ জনের তালিকা তৈরি হলেও সেটি কমিয়ে প্রায় ৩৫ জনের সংক্ষিপ্ত তালিকায় আনা হয়েছে, যেখান থেকে চূড়ান্ত ২৬ জন বেছে নেওয়া হবে। তবে একাধিক খেলোয়াড়ের চোট সমস্যার কারণে এই সিদ্ধান্ত আরও জটিল হয়ে পড়েছে, বিশেষ করে রক্ষণভাগে।

আয়ালা উল্লেখ করেন, খেলোয়াড়দের ফর্ম, ফিটনেস এবং বহুমুখী ভূমিকা—সবকিছুই বিবেচনায় নেওয়া হচ্ছে। কোন অবস্থায় কতজন ডিফেন্ডার বা মিডফিল্ডার নেওয়া হবে, সেটি পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত হতে পারে বলেও তিনি জানান।

সব মিলিয়ে বিশ্বকাপের আগে আর্জেন্টিনার স্কোয়াড নির্বাচন এবং বিশেষ করে রক্ষণভাগের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। স্কালোনির সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো—সঠিক ভারসাম্য বজায় রেখে শিরোপা ধরে রাখার মতো একটি পূর্ণাঙ্গ দল গঠন করা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে