বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ০৯:২৭:৪৩

মাইকিং করে দেড় লাখ টাকা ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন

মাইকিং করে দেড় লাখ টাকা ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন

এমটিনিউজ২৪ ডেস্ক : বরগুনায় রাস্তায় ১ লাখ ২৩ হাজার টাকা কুড়িয়ে পান মো. বশির উদ্দিন নামের এক স্থানীয় কাঁচা বাজারের আড়তদার। পরে মাইকিং করে প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। 

কুড়িয়ে পাওয়া ওই টাকা একজন স্কুল শিক্ষকের বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে বরগুনা শিল্পকলা একাডেমি সংলগ্ন এলাকায় প্রমাণ সাপেক্ষে টাকার প্রকৃত মালিক বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. খলিলুর রহমানের কাছে ১ লাখ ২৩ হাজার টাকা ফেরত দেন কাঁচা বাজারের ব্যবসায়ী মো. বশির উদ্দিন।

জানা যায়, বুধবার (১১ মার্চ) সকাল ১০টার দিকে বরগুনা পৌরশহরের সদর রোড হয়ে নিজ বাড়ি সোনাখালী যাচ্ছিলেন কাঁচা বাজারের আড়তদার মো. বশির উদ্দিন। এ সময় স্টেডিয়ামের কাছে সড়কের পাশে একটি খাম পড়ে থাকতে দেখেন তিনি মোটরসাইকেলের থামান। পরে খামটি তুলে খুলে এর ভেতরে বিপুল পরিমাণ টাকা দেখতে পান। পরে আশপাশে খোঁজখবর নিয়েও টাকার মালিককে না পেয়ে বিষয়টি স্থানীয়ভাবে মাইকিং করে প্রচার করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও জানান। পরে মাইকিং শুনে স্কুল শিক্ষক মো. খলিলুর রহমান তার যোগাযোগ করেন। যথাযথ প্রমাণ দেওয়ার পর কুড়িয়ে পাওয়া ১ লাখ ২৩ হাজার টাকা তার হাতে তুলে দেন ব্যবসায়ী বশির উদ্দিন।

হারানো টাকা ফেরত পেয়ে শিক্ষক খলিলুর রহমান বলেন, যাকাতের উদ্দেশে গরু কেনার জন্য আলাদা করে খামের মধ্যে টাকা রেখেছিলাম। প্যান্টের পকেটে থাকা সেই খামটি অজান্তেই রাস্তায় পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও টাকা না পেয়ে হতাশ হয়ে পড়েছিলাম। পরে মাইকিং শুনে যোগাযোগ করলে হারিয়ে যাওয়া টাকা ফেরত পাই।

তিনি আরও বলেন, নগদ টাকা পেয়ে লোভ সামলানো সত্যিই বড় ঈমানের পরিচয়। বশির উদ্দিনের সততা প্রশংসনীয়। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন এই দোয়া করি।

এ সময় উপস্থিত অ্যাডভোকেট ফয়সাল বলেন, টাকার লোভ অনেক সময় মানুষকে ভুল পথে নিয়ে যায়। কিন্তু বশির উদ্দিন সততার পরিচয় দিয়ে মাইকিং করে প্রকৃত মালিক খুঁজে বের করে টাকা ফেরত দিয়েছেন; যা সত্যিই প্রশংসনীয়। এ যুগে এ রকমের সততা সত্যিই খুব দেখা যায় না। 

এ বিষয়ে ব্যবসায়ী মো. বশির উদ্দিন বলেন, রাস্তায় পড়ে থাকা একটি খামের মধ্যে টাকা পেয়ে প্রথমে আশপাশে প্রায় দুই ঘণ্টা খোঁজাখুঁজি করি। মালিককে না পেয়ে মাইকিংয়ের মাধ্যমে বিষয়টি জানাই। এছাড়া আমার পরিচিত বিভিন্ন মানুষকে ফেসবুকে পোস্টও করতে বলি। পরে প্রকৃত মালিক প্রমাণসহ যোগাযোগ করলে আজ তার টাকাগুলো তাকে বুঝিয়ে দিয়েছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে