সোমবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:২৬:৩৬

ধানের শীষকে সমর্থন দিয়ে এবার সরে দাঁড়ালেন যিনি

ধানের শীষকে সমর্থন দিয়ে এবার সরে দাঁড়ালেন যিনি

এমটিনিউজ২৪ ডেস্ক : বরিশাল-২ আসনে বিএনপি দলীয় প্রার্থী এস সরফুদ্দিন আহমদ সান্টুকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এনপিপি প্রার্থী মো. সাহেব আলী রনি।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকালে বানারীপাড়া হাইস্কুল মাঠে বিএনপি প্রার্থী সরফুদ্দিন আহমেদ সান্টু আয়োজিত উঠান বৈঠকে অংশ নিয়ে তাকে সমর্থন জানান এনপিপির প্রার্থী সাহেব আলী।

একই সঙ্গে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল-২ আসনে বিএনপি দলীয় এমপি প্রার্থী ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, দেশ গঠনে বিএনপির কোনো বিকল্প নেই। যারা বিএনপির পক্ষে দাঁড়িয়ে সমর্থন জানিয়েছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, ইলেকশনের দিন আপনারা সজাগ থাকবেন যাতে স্বাধীনতাবিরোধী জামায়াতের মতো মোনাফেকের দল ভোট চুরি করতে না পারে।

এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা এস সরফুদ্দিন আহমদ সান্টু আরও বলেন, যারা ৭১-এর মুক্তিযুদ্ধের সময় এ দেশের মা-বোনদের ধরে নিয়ে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিলেন। সেই মোনাফেকের দল আজ কর্মজীবী নারীদের কটূক্তি করে ঘরে বসিয়ে রাখতে চাইছেন। আজ তারা ক্ষমতার লোভে দেশের সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে সমর্থন আদায়ের চেষ্টা করছেন। আপনারা তাদেরকে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে প্রত্যাখ্যান করবেন। এক্ষেত্রে তিনি দেশ ও জাতির স্বার্থে সবকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।

সান্টু বলেন, আপনারা যদি আমাকে ভোট দিয়ে বিজয়ী করেন, তাহলে আপনার সন্তানকে চাকরির সুপারিশে কোনো টাকাপয়সা দিতে হবে না। এছাড়া তিনি এলাকার জনগণের চলাচলের সুবিধার্থে সোমবার থেকে বন্দর বাজারসংলগ্ন সন্ধ্যা নদীর ফেরিঘাট ও ট্রলারের যাত্রী পারাপার ফ্রি ঘোষণা করেন।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন- কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো.দুলাল হোসেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির মঞ্জু, কৃষক শ্রমিক পার্টি (কেএসপি) ভাইস চেয়ারম্যান ফারহানা হক রিপা ও শেরেবাংলার চতুর্থ প্রজন্ম ব্যারিস্টার একে ফারদিন হক, এনপিপি প্রার্থী মো. শাহেবালী রনি, জেলা বিএনপির দক্ষিণ সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, উপজেলা বিএনপি সহ-সভাপতি নান্না হাওলাদার, সম্পাদক রিয়াজ মৃধা, সাংগঠনিক সম্পাদক রুহুল মল্লিক, জাহাঙ্গীর হোসেন, পৌর বিএনপির সভাপতি এমরান সালেহ প্রিন্স, সম্পাদক মো. হাবিবুর রহমান জুয়েল, উপজেলা যুবদল সভাপতি সুমন হাওলাদার, সম্পাদক মিজান ফকির, উপজেলা ছাত্রদল সভাপতি রুবেল হোসেন, পৌর ছাত্রদল সভাপতি রনি খান প্রমুখ। এ সময় শেরেবাংলার দৌহিত্র ফাইয়াজুল হক রাজুর স্ত্রী সালমা ফাইয়জসহ জেলা-উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে