সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১২:২৮:০১

হঠাৎ পাল্টে গেল বরিশালের ইলিশের বাজার

হঠাৎ পাল্টে গেল বরিশালের ইলিশের বাজার

এমটিনিউজ২৪ ডেস্ক : হঠাৎ পাল্টে গেল বরিশালের বাজার, যেন হঠাৎ করেই উধাও। আর বাজারে যা মিলছে তার দামও আকাশ ছোঁয়া। গত সপ্তাহেও বরিশাল পোর্টরোড মৎস্য অবতরণ কেন্দ্র‍ে প্রতিদিন গড়ে ১'শ থেকে দেড়শ মণ ইলিশ বিক্রি হলেও, এখন তা পৌঁছেছে মাত্র ২০ থেকে ২৫ মণে।

রোববার (১২ এপ্রিল) বরিশাল পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে দেখা যায় হাতে গোনা কয়েকজন মাছ ব্যবসায়ী ইলিশ মাছ নিয়ে বসেছেন।

 জানা গেছে, প্রতি বছর পহেলা বৈশাখের আগ মুহুর্তে বরিশাল পোর্টরোডের আড়ৎগুলোতে মৎস্য শ্রমিকদের কর্মব্যস্ততা বাড়ে কয়েকগুন। তবে এবার সেখানে বইছে নীরবতা। ক্রেতারা আসছেন ঠিকই, কিন্তু মাছের দামদর করেই পিছু হটছেন।
 
মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন আকার ভেদে মাছের দামও বেড়েছে কয়েকগুন। ২শ-২৫০শ গ্রাম ওজনের ইলিশ বিক্র‍ি হচ্ছে ১০০০-১১০০ টাকা, ৩শ-৩শ ৫০ গ্রাম ১৩০০-১৪০০ টাকা, ৪শ-৫শ গ্রাম ১৭৫০-১৮০০ টাকা, ৭শ-৮শ গ্রাম ২৩০০-২৪০০ টাকা, ১ কেজি ৫০০০-৫২০০ টাকা। আর ১ কেজি দুইশ গ্রাম ওজনের মাছটির পাইকারী দাম পড়ছে ৬ হাজার থেকে ৬ হাজার ২'শ টাকায়।
 
সাধারণ ক্র‍েতাদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে সামনে পহেলা বৈশাখকে কেন্দ্র করে মাছ ব্যবসায়ীদের একটি অংশ সিন্ডিকেটের মাধ্যমে ইলিশের দাম বাড়িয়েছে। যদিও মাছ ব্যবসায়ীরা বলছেন ইলিশের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে।
 
মাছ কিনতে আসা আকরাম নামে এক ব্যাক্তি জানান, 'গত সপ্তাহে ৩'শ গ্রাম ওজনের প্রতি কেজি ইলিশ কিনেছেন ৮০০-১০০০ টাকায়। এখন আকাশচুম্বী দাম হয়েছে।'
 
বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা রেহেনা সিদ্দিক ব‌লেন, 'সামনে পহেলা বৈশাখ। এই সময়টায় ইলিশের চাহিদা থাকে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে একটি চক্র দাম বাড়িয়েছে।' তিনি বলেন, 'ইলিশের যে দাম, তা‌তে পান্তা-ইলিশ তো দূরে থাক, পান্তা-জাটকাও জুট‌বে না।'
 
মৎস‌্য আড়তদার জ‌হির সিকদার ব‌লেন, 'একে তো মেঘনা ঘেরা অভয়াশ্রমে নি‌ষেধাজ্ঞা, তার ওপর বাংলা নববর্ষ। সে কার‌ণে ইলিশের দাম গত চার‌ দিন ধ‌রে বে‌ড়ে‌ছে কে‌জিপ্রতি ৫০০ থে‌কে ৮০০ টাকা।'
 
মৎস্যজীবী দলের মহানগর সাধারণ সম্পাদক ও পোর্ট রোড ইজারাদার কামাল সিকদার জানান, 'গত সপ্তাহে এখানে ১'শ থেকে দেড়শ মণ ইলিশ বিক্রি হলেও, এখন তা পৌঁছেছে মাত্র ২০ থেকে ২৫ মণে।'
 
মৎস্য অধিদফতেরের বরিশাল কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মোহসীন জানান, 'মার্চ ও এপ্রিল মাস জুড়ে বিভাগের চারটি অভয়াশ্রমে নিষেধাজ্ঞা চলছে। ফলে বাজারেও মাছের সরবরাহ কমেছে। যেহেতু সরবরাহ কম তাই দামও বেড়েছে।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে