এমটিনিউজ২৪ ডেস্ক : অটোরিকশাচালক অপু বিশ্বাসকে (২৮) অজ্ঞান করে অটোরিকশা ও মোবাইল ছিনতাইয়ের পর রাস্তায় ফেলে গেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
ভুক্তভোগী অপু বরিশালের আগৈলঝাড়া উপজেলার চাপাচুপা এলাকার শিরোমনি বিশ্বাসের ছেলে।
অপু বিশ্বাসের ভাই শিশির বিশ্বাস জানান, শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে নিজের অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন অপু। ওইদিন রাত ১০টার দিকে ফেসবুকের মাধ্যমে জানতে পারি অচেতন অবস্থায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন অপু।
তিনি আরও জানান, তার (অপু) এখন পর্যন্ত জ্ঞান ফেরেনি। কোন স্থানে বসে তাকে অজ্ঞান করা হয়েছে বা ছিনতাইয়ের শিকার হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
হাপসাতালের জরুরি বিভাগের উপ-সহকারী মেডিকেল অফিসার (স্যাকমো) জাহিদুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাতে কে বা কারা অচেতন অবস্থায় ওই যুবককে হাসপাতালে রেখে যান। পরবর্তীতে তাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে রাতেই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ওই যুবকের জ্ঞান ফেরার পর বিস্তারিত জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।