এমটিনিউজ২৪ ডেস্ক : বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মীর শাহে আলমের নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় অফিসের নৈশপ্রহরী আক্কাস আলীকে (৪০) মারধর করে হত্যার উদ্দেশ্যে পাশের একটি খড়ের গাদার নিচে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার পিরব ইউনিয়নের সিহালী ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে গুরুতর আহত আক্কাস আলী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পিরব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম জানান, শনিবার রাত ১২টার দিকে নির্বাচনী কর্মকাণ্ড শেষে নেতাকর্মীরা অফিস থেকে চলে যান। রাতে অফিসের পাহারায় ছিলেন আক্কাস আলী। গভীর রাতে ৪-৫ জনের একটি দুর্বৃত্ত দল অফিসে হামলা চালিয়ে চেয়ার-টেবিল, হাঁড়ি-পাতিল ও আসবাবপত্র ভাঙচুর করে। হামলাকারীরা নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলে এবং দলীয় প্রধানের ছবি অবমাননা করে।
রোববার ভোরে স্থানীয়রা অফিসে এসে ভাঙচুর দেখতে পান। এ সময় আক্কাস আলীকে খুঁজে না পেয়ে তার মোবাইলে কল দিলে পাশের একটি খড়ের গাদার ভেতর থেকে রিংটোনের শব্দ শোনা যায়। পরে খড় সরিয়ে আক্কাস আলীকে অচেতন ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তিনি বর্তমানে কথা বলার মতো অবস্থায় নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, ৪-৫ দুর্বৃত্ত রাতের আঁধারে এ হামলা চালিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি, তবে বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।