শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:৪৩:৩৫

'কোনো চাঁদাবাজকেই ছাড় দেব না'

'কোনো চাঁদাবাজকেই ছাড় দেব না'

এমটিনিউজ২৪ ডেস্ক : বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেছেন, এলাকায় এখনো চাঁদাবাজি হয়। এটা বন্ধ করতে হবে। দলের লোক হোক বা নিজের ছেলেই হোক—কোনো চাঁদাবাজকেই ছাড় দেব না। সেই সঙ্গে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বাদ আসর বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার বিপি উচ্চ বিদ্যালয়ে পৌর চাল আড়তদার ও বন্দোবস্তকারী কল্যাণ সমিতির সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিলে এসব কথা বলেন।

আব্দুল মহিত তালুকদার বলেন, সান্তাহারে ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে কোটি কোটি টাকার সরঞ্জামাদি ছিল। যারা নিয়ে গেছে, তাদের আইনের আওতায় নিয়ে এসে বিচার করা হবে। সেই সঙ্গে এই ২০ শয্যা হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীত করা হবে।

সান্তাহার পৌর চাউল আড়তদার ও বন্দোবস্তকারী কল্যাণ সমিতির সভাপতি আতিকুর রহমান মিলনের সভাপতিত্বে ও রাকিবুল হাসান সুজনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, সান্তাহার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল ও সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু প্রমুখ।

অনুষ্ঠানে আয়োজক কমিটির পক্ষ থেকে সংবর্ধনা প্রদানের জন্য নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের হাতে ক্রেস্ট তুলে দেন সমিতির সভাপতি আতিকুর রহমান মিলন, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সহসভাপতি আলহাজ বেলাল হোসেন ও অর্থ সম্পাদক ওহিদুর রহমান অলি।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে