এমটিনিউজ২৪ ডেস্ক : ফুলের মালা গলায় দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছেড়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন শাহ্ নেওয়াজ হোসেন খালিদ। তিনি বগুড়া জেলা জামায়াতের রুকন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক ছিলেন।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে বগুড়া শহরের ‘৭১’ নামক একটি হোটেলে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এ সময় বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের দলীয় প্রার্থী রেজাউল করিম বাদশা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বিএনপিতে যোগ দেয়ার কারণ হিসেবে শাহ্ নেওয়াজ হোসেন খালিদ বলেন, 'বগুড়া বিএনপির ঘাঁটি। এই জেলায় বিএনপির হাতকে শক্তিশালী করার লক্ষ্যেই আমি জামায়াতে ইসলামী ছেড়েছি। দীর্ঘদিন লক্ষ্য করেছি, জামায়াত ইসলামের নাম ব্যবহার করে মানুষের আবেগ নিয়ে রাজনীতি করতে চায়, যা ইসলামের মূল চেতনার সাথে সাংঘর্ষিক।'
অনুষ্ঠানে ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী আলোচনা সভায় উপস্থিত বিএনপির নেতাকর্মীরা করতালির মাধ্যমে শাহ্ নেওয়াজ হোসেন খালিদকে স্বাগত জানান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু এবং সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলসহ স্থানীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।