এমটিনিউজ২৪ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক আব্দুল কাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ আগস্ট) রাতে উপজেলার কসবা ইউনিয়নের বাইলকাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকমল চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বাইলকাপাড়া গ্রামে অভিযান চালিয়ে আব্দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে আগে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হবে।
এর আগে, ২০২৪ সালের ৩ নভেম্বর একটি চাঁদাবাজির মামলায় আদালতে আত্মসমর্পণ করেন আব্দুল কাদের। ওইদিন আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে তিনি আত্মগোপনে ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
আব্দুল কাদের নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।