এমটিনিউজ২৪ ডেস্ক : কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালায় নিজ বাড়ি থেকে দুই কিলোমিটার দূরের খামার বাড়ি থেকে নজরুল ইসলাম নামে এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নজরুল ইসলাম জোয়ারিয়ানালা ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ওই নেতার মরদেহ পুলিশের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়। এর আগে দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতে খামারের শ্রমিকদের খাবার দিতে বাড়ি থেকে বের হন নজরুল ইসলাম। এর ঘণ্টাখানেক পর শ্রমিকরা তাকে খামারের ভেতর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই সাইফুল ইসলাম জানান, নজরুলের হাতে আঘাতের চিহ্ন রয়েছে, যা মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ তৈরি করছে। জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্সও মরদেহে আঘাতের চিহ্নের কথা নিশ্চিত করেছেন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেওয়ার আবেদন করা হলেও আঘাতের চিহ্ন থাকায় পুলিশ ময়নাতদন্ত সম্পন্ন করেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।