এমটিনিউজ২৪ ডেস্ক : কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় কথাকাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে দুই যুবক নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত আরো একজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজার পৌরসভার পাহাড়তলী ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী। নিহতরা হলেন চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেধাকচ্ছপিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে হৃদয় (২৮) ও কক্সবাজার পৌরসভার ইসলামপুর এলাকার বাবুলের ঘোনার বাসিন্দা আসিফ (২৭)। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পাহাড়তলী ইসলামপুর মসজিদ সংলগ্ন এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম।
স্থানীয় বাসিন্দাদের বরাতে কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, দুই পক্ষের মধ্যে পূর্বের বিরোধকে কেন্দ্র করে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে হৃদয়, আসিফ ও আশরাফুল ইসলাম নামে ৩ জন আহত হন।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। অপর দুই আহতকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলেও সেখানে আরো একজনের মৃত্যু হয়।
ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
একজনের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে। অপরজনের মরদেহ এখনো চট্টগ্রামে রয়েছে।