শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ০৯:৩৩:৫৭

ভুলে ‘জয় বাংলা’ বলায় দুঃখ প্রকাশ এনসিপির উপজেলা শাখার আহ্বায়কের

ভুলে ‘জয় বাংলা’ বলায় দুঃখ প্রকাশ এনসিপির উপজেলা শাখার আহ্বায়কের

এমটিনিউজ২৪ ডেস্ক : গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভায় বক্তব্যে ‘জয় বাংলা’ উচ্চারণ করায় দুঃখ প্রকাশ করেছেন দলটির উপজেলা শাখার আহ্বায়ক মো. শফিজল ইসলাম।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে দুঃখ প্রকাশ করেন।

লিখিত বক্তব্যে মো. শফিজল ইসলাম জানান, গত ১৬ জুলাই সাদুল্লাপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ‘দেশ গড়তে জুলাই জাগরণ পথযাত্রা ও পথসভা’ শীর্ষক কর্মসূচির আয়োজন করা হয়। ওই সভার বক্তব্যের শেষ পর্যায়ে তিনি ‘জয় হোক জামালপুর ইউনিয়নবাসীর, জয় হোক সাদুল্লাপুরবাসীর’ বলতে গিয়ে ভুলবশত ‘জয় বাংলা’ বলে ফেলেন।

তিনি আরও বলেন, এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে আমার মুখ থেকে উচ্চারিত হয়েছে, যা ছিল স্রেফ একটি বলার ভুল। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করে তিনি সাদুল্লাপুরবাসী, দলীয় নেতাকর্মীসহ সবার কাছে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে শফিজল ইসলাম দৃঢ়তার সঙ্গে দাবি করেন, তিনি কখনোই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। এরপর তিনি নিজের বক্তব্যের শেষাংশে ‘ইনকিলাব জিন্দাবাদ’ ও ‘জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ’ স্লোগান উচ্চারণ করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে