এমটিনিউজ২৪ ডেস্ক : হবিগঞ্জের লাখাইয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের সময় নদীতে পড়ে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১টার দিকে সুতাং নদী থেকে মত সাদেক মিয়ার (২৮) লাশ উদ্ধার করা হয়।
এর আগে বুধবার বিকাল ৪টার দিকে হাওড় থেকে ধান আনতে গিয়ে বজ্রপাতের শব্দে নৌকা থেকে নদীতে পড়ে তিনি নিখোঁজ হন।
মৃত সাদেক মিয়া লাখাই উপজেলার নোয়াগাঁও গ্রামের মোজাম্মিল মিয়ার ছেলে।
বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফারুক বলেন, সকাল থেকে ডুবুরি দল সাদেককে উদ্ধারের চেষ্টা চালায়। দুপুর ১টার দিকে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে নদীতে মানুষের মতো কিছু ভাসতে দেখেন স্থানীয়রা। পরে সেখানে গিয়ে তারা নিখোঁজ সাদেকের লাশ শনাক্ত করেন।
সাদেকের ভাই ফরাশ মিয়া জানান, কালবৈশাখী ঝড় ও বজ্রপাত শুরু হলে তারা দ্রুত নৌকা চালিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় সাদেক মিয়া নৌকার মাথায় বসে একটি অ্যালুমিনিয়ামের পাত্র মাথায় দিয়ে বসেছিল। হঠাৎ বজ্রপাতের প্রচণ্ড শব্দে তিনি নদীতে পড়ে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
স্থানীয়রা জানান, বুধবার বিকালে সাদেক ও ফরাশ জমি থেকে ধান আনতে হাওড়ে যান। কিছুক্ষণ পরই হঠাৎ কালবৈশাখী ঝড় ও বজ্রপাত শুরু হলে তারা নৌকাযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এ সময় বজ্রপাতের শব্দ শুনে সাদেক মিয়া নদীতে পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে গ্রামের লোকজন ও লাখাই ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি।
লাখাই থানার ওসি শরীফ আহমেদ বলেন, নিখোঁজ সাদেক মিয়ার লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।