বুধবার, ০১ এপ্রিল, ২০২৬, ০৮:০৮:১৪

হৃদয়বিদারক ঘটনা, পানিতে পড়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

হৃদয়বিদারক ঘটনা, পানিতে পড়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : মৌলভীবাজারের কুলাউড়ায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার কর্মধা ইউনিয়নের মধ্যে ফটিকগুলি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা জুনেদ আহমদ জানান, মৃত তিনজনই সম্পর্কে চাচাতো ভাই। বুধবার (১ এপ্রিল) সকালে হঠাৎ কালবৈশাখী ঝড় হলে স্থানীয় ক্ষেতের জমি পানিতে টইটুম্বুর হয়ে যায়। ঝড়বৃষ্টি শেষে দুপুর দেড়টার দিকে জিসান আহমেদ (১২), ইমাদ আহমেদ (৯) এবং লাবিব আহমেদ (৭) বাড়ির পাশে জমির পানিতে খেলতে নামেন।

তিনি আরও জানান, এ সময় খেলতে খেলতে সদ্য মাটি কেটে নিচু করা একটি জমিতে নেমে পড়লে তারা পানিতে ডুবে যায়। এ সময় এক পথচারী ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার করলে শিশুদের উদ্ধার করে স্থানীয় রবির বাজারে ডা. মনিরুল ইসলাম সোহাগের চেম্বারে নিয়ে এলে তিনি তাদের মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ময়নাতদন্তের জন্য বাড়ি থেকে লাশগুলো উদ্ধার করে থানায় আনা হবে।

তিনি আরও জানান, বিষয়টি হৃদয়বিদারক; যদি কোনো অভিযোগ না থাকে এবং শিশুদের পরিবার ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অনুমতি নিতে পারে তাহলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে