এমটিনিউজ২৪ ডেস্ক : মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক কৃষকসহ দুজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ মে) দুপুরে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে প্রাণহানির এ ঘটনাগুলো ঘটে।
মৃত কৃষকের নাম আইয়ূব আলী। তবে কমলগঞ্জে মারা যাওয়া অপর ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ভোলানগর গ্রামের কৃষক আইয়ূব আলী সকাল থেকেই মনু নদীর পাশের এলাকায় নিজের খেতের ধান কাটছিলেন। দুপুরের দিকে আকস্মিকভাবে কালবৈশাখী ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রচণ্ড বিদ্যুৎ চমকাতে শুরু করে। একপর্যায়ে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, বজ্রপাতে আইয়ূব আলীর শরীরের একদিকের পাঁজর পুরোটাই ঝলসে গেছে। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া কৃষক আইয়ূব আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে, কমলগঞ্জ উপজেলার হামিদিয়া চা-বাগানে বজ্রপাতে আরও একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কমলগঞ্জ থানা পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে মৃতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।