শনিবার, ০৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৩৬:০৯

এবার বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন যিনি

এবার বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন যিনি

এমটিনিউজ২৪ ডেস্ক : নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এসএম মামুন আর রশীদ। তিনি বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকারকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

মামুন এই আসনে মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টায় সৈয়দপুর জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে প্রার্থিতা থেকে সরে দাঁড়ান।

এ সময় স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় প্রার্থী এসএম মামুন আর রশীদ বলেন, বিএনপি আমার অস্তিত্বের সঙ্গে গাঁথা। আমি একজন কর্মী হিসেবে কখনোই দেখতে পারি না আমার চোখের সামনে ধানের শীষের ক্ষতি হোক, দলের ক্ষতি হোক। তাই আমি বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকারকে পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।

তিনি বলেন, আমি আমার সঙ্গে থাকা সব কর্মী-সমর্থকসহ তরুণ প্রজন্মকে আহ্বান জানাই- সৈয়দপুর ও কিশোরগঞ্জের মানুষের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হই। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের হাতে এই আসন তুলে দিতে পারি, তাহলে বিএনপি নয়, পুরো সৈয়দপুর-কিশোরগঞ্জ অঞ্চলের মানুষের উন্নয়ন নিশ্চিত হবে।

আলোচনা সভায় উপস্থিত নেতারা বলেন, এই ঐক্যের সিদ্ধান্ত নীলফামারী-৪ আসনে ধানের শীষের বিজয়ের সম্ভাবনাকে আরও শক্তিশালী করবে। জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, গণতন্ত্র রক্ষা এবং এলাকার কাঙ্ক্ষিত উন্নয়নের পথ সুগম হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে