এমটিনিউজ২৪ ডেস্ক : পটুয়াখালীর রাঙ্গাবালীতে ইসলামী আন্দোলন ও আওয়ামী লীগের ৫০ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাঙ্গাবালী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এক জনসভায় তারা বিএনপিতে যোগ দেন। দক্ষিণ রাঙ্গাবালী ইউনিয়ন বিএনপি ধানের শীষের পক্ষে এ জনসভার আয়োজন করে।
যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন- আওয়ামী লীগের উপজেলা ধর্মবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক ইউনিয়ন সভাপতি মাসুম খলিফাসহ দুদলের নেতাকর্মী। সমাবেশকে ঘিরে স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবং পটুয়াখালী-৪ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে। রাঙ্গাবালী উপজেলায় দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চনার চিত্র স্পষ্ট। চালিতাবুনিয়া, চরমোন্তাজ, রাঙ্গাবালীসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করে তিনি রাস্তা, কালভার্ট, ব্রিজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও নদীভাঙনসহ নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন।
তিনি আরও বলেন, রাঙ্গাবালী দেশের একমাত্র উপজেলা যেখানে এখনো পূর্ণাঙ্গ হাসপাতাল নেই, যা অত্যন্ত দুঃখজনক। এসব সমস্যা সমাধানে সংসদে শক্তিশালী প্রতিনিধিত্ব প্রয়োজন। একই সঙ্গে তিনি বিকল্প প্রার্থীদের উন্নয়ন সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন।
এবিএম মোশাররফ হোসেন বলেন, বিএনপি ক্ষমতায় এলে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সরকারি ভাতা চালু করা হবে। পাশাপাশি ঘরে ঘরে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। বক্তৃতায় তিনি রাঙ্গাবালীর সম্ভাবনা কাজে লাগিয়ে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
জনসভা শেষে যোগদানকারী নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।