এমটিনিউজ২৪ ডেস্ক : পটুয়াখালী-২ (বাউফল) আসনে চন্দ্রদ্বীপ এলাকার চরমিয়াজানের ভাডারী বাজার এলাকায় বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৮ নেতাকর্মী আহত হয়েছেন হয়েছেন। আহতরা বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
খবর ছড়িয়ে পড়লে বাউফল পৌর শহরে দুই পক্ষ পাল্টাপাল্টি বিক্ষোভ করে।
খোঁজ নিয়ে জানা যায়, ঘটনাস্থলে জামায়াতের কর্মী-সমর্থকরা ভোটারদের টাকা দিচ্ছেন—এ খবর ছড়িয়ে পড়লে বিএনপিকর্মী-সমর্থকরা ঘটনাস্থলে জড়ো হয়ে জামায়াতকর্মীদের সঙ্গে বাগবিতান্ডা থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২৮ জন আহত হয়ে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এ খবরে উপজেলা শহরে পৌঁছানোর পর দুই পক্ষ পাল্টাপাল্টি বিক্ষোভ করে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
বাউফল উপজেলা জামায়াতের সেক্রেটারি খালিদুর রহমান বলেন, ‘কোনো কারণ ছাড়াই জামায়াতের কর্মীরা প্রচারণা চালাতে গেলে তাদের ওপর হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে। আমরা অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা দাবি করছি।’
বাউফল উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহামুদ ফিরোজ বলেন, ‘টাকা দিয়ে ভোট কেনার ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় বিএনপির কর্মী-সমর্থকরা নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে তাদের ওপর জামায়াত কর্মীরা হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। আচরণবিধি লঙ্ঘন করে এহেন অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জড়িত জামায়াতের নেতাকর্মীদের শাস্তি চাই।’
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, ‘পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। চন্দ্রদ্বীপের ঘটনা তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’