এমটিনিউজ২৪ ডেস্ক : রাঙ্গামাটির কাপ্তাইয়ে পাচারের সময় বিরল প্রজাতির মালায়ন নাইট হিরন পাখি উদ্ধার করেছেন বন বিভাগের সদস্যরা। মঙ্গলবার (৫ মে) দুপুর ১২টায় কাপ্তাইয়ের ব্যঙছড়ি থেকে অভিযান চালিয়ে পাখিটি উদ্ধার করা হয়।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমানের নেতৃত্বে বন বিভাগের সদস্য ওসমান গণি পাখিটি উদ্ধার করেন।
বন বিভাগের সদস্য ওসমান গণি জানান, পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ব্যঙছড়ি ঘাট এলাকা থেকে বিরল প্রজাতির এই মালায়ন নাইট হিরন পাখিটি উদ্ধার করা হয়। তবে পাচারকারীরা আমাদের উপস্থিতি বুঝতে পেরে পাখিটি রেখে পালিয়ে যায়। বর্তমানে পাখিটি বন বিভাগের হেফাজতে রয়েছে।
এ বিষয়ে কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসার মামুনুর রহমান জানান, এই বিরল প্রজাতির পাখিটির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন বন বিভাগের কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
প্রসঙ্গত, মালায়ন নাইট হিরন বা মালয় নাইট হেরন যার বৈজ্ঞানিক নাম: গোরসাচিয়াস মেলানোলোফাস (Gorsachius melanolophus), যা টাইগার বিটার্ন (Tiger Bittern) নামেও পরিচিত, দক্ষিণ ও পূর্ব এশিয়ায় পাওয়া মাঝারি আকারের বক বা হিরন প্রজাতির একটি পাখি। এটি কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে দেখা মিলেছে।