এমটিনিউজ২৪ ডেস্ক : রাঙামাটির লংগদু উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পাঠানো নগদ ৩৫ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে।
দীর্ঘ ১০ বছরের কঠোর পরিশ্রমের সব সঞ্চয় হারিয়ে ভুক্তভোগী প্রবাসী শরীফ এখন নিঃস্ব ও দিশেহারা। এই ঘটনায় প্রতিকার চেয়ে তিনি লংগদু থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৫ সালে চাঁদপুর জেলার মতলব উপজেলার চরপাথালিয়া গ্রামের বাসিন্দা শরীফের সাথে পারিবারিকভাবে রাঙামাটি জেলার লংগদু উপজেলার মাইনীমুখ ঢাকাইয়া টিলার নোয়াব আলীর মেয়ে নয়ন মনির বিয়ে হয়।
ভুক্তভোগী প্রবাসী শরীফ জানান, বিয়ের পর থেকেই স্ত্রীর ইচ্ছায় তার পড়াশোনার যাবতীয় খরচ বহন করছিলেন তিনি। প্রবাসে থেকেই স্ত্রীর দাখিল, ফাজিল, অনার্স ও মাস্টার্স পাসের সব খরচ এবং সব ধরনের ভরণপোষণ তিনি একাই জোগান দেন। প্রবাসে হাড়ভাঙা খাটুনি খেটে উপার্জিত সমস্ত টাকা তিনি দেশে স্ত্রীর নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতেন। কিন্তু সম্প্রতি শরীফ দেশে ফিরে স্ত্রীর কোনো খোঁজ পাচ্ছেন না, এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।
এই বিষয়ে নয়ন মনির বাবার বাড়ির লোকজনের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, মেয়ের সাথে বর্তমানে তাদের কোনো সম্পর্ক বা যোগাযোগ নেই।
এদিকে স্থানীয় এলাকায় গুঞ্জন ও সন্দেহ তৈরি হয়েছে যে, নয়ন মনি প্রবাসীর পাঠানো বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে অন্য কোনো পুরুষের সঙ্গে গা ঢাকা দিয়েছেন এবং নতুন করে সংসার জীবন শুরু করেছেন।
এক দশকের কষ্টার্জিত সব সঞ্চয় হারিয়ে প্রবাসী শরীফ এখন মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছেন।
লংগদু থানা পুলিশ জানায়, প্রবাসীর অভিযোগ দায়েরের পর বিষয়টি নিয়ে তদন্ত ও আইনি তৎপরতা চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ নয়ন মনির কোনো সন্ধান বা তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।