এমটিনিউজ ডেস্ক : সুনামগঞ্জের দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০জন আহত হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রামের এক যুবকের সঙ্গে একই ইউনিয়নের হলিমপুর গ্রামের এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে ওই তরুণী প্রেমিকের সঙ্গে চলে যান এবং কাজীর মাধ্যমে ধর্মীয় বিধান অনুযায়ী তারা বিয়ে করেন। পরে রাতেই ছেলের পক্ষের লোকজন মেয়ের বাড়িতে গিয়ে বিয়ের বিষয়টি জানাতে এবং তা মেনে নেওয়ার অনুরোধ করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয় এবং একপর্যায়ে মেয়ের পরিবার ছেলের স্বজনদের ওপর হামলা চালায়।
এরই জেরে বুধবার দুপুরে উভয় গ্রামের লোকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের ১০জন আহত হন। খবর পেয়ে দিরাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রেমের কারণে সংঘটিত এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। পাশাপাশি এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন।