শুক্রবার, ০৪ ডিসেম্বর, ২০২০, ০৪:৪২:২৬

জাস্টিন ট্রুডোর মন্তব্য, কানাডার সঙ্গে ভারতের সম্পর্ক 'গুরুতর ক্ষতিগ্রস্ত' হতে পারে

জাস্টিন ট্রুডোর মন্তব্য, কানাডার সঙ্গে ভারতের সম্পর্ক 'গুরুতর ক্ষতিগ্রস্ত' হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার পার্লামেন্টের কয়েকজন সদস্য এবং প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দিল্লিতে কৃষক আন্দোলন নিয়ে যা মন্তব্য করেছেন, তাতে ওই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক 'গুরুতর ক্ষতিগ্রস্ত' হতে পারে। শুক্রবার কানাডার হাইকমিশনারকে ডেকে একথা জানিয়ে দিল ভারত সরকার। গত সোমবার গুরু নানকের জন্মজয়ন্তীতে কানাডার প্রধানমন্ত্রী ভারতের কৃষক আন্দোলন নিয়ে মন্তব্য করেন। 

৪৮ বছর বয়সী ট্রুডো বলেন, 'কানাডা সবসময়ই শান্তিপূর্ণ আন্দোলনের অধিকারের পক্ষে।' মঙ্গলবার মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, 'কানাডার নেতারা ভুল তথ্যের ভিত্তিতে ভারতের কৃষকদের নিয়ে নানা মন্তব্য করছেন। কোনও গণতান্ত্রিক দেশের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে এই ধরনের মন্তব্য অবাঞ্ছিত।' গত মঙ্গল ও বৃহস্পতিবার কৃষকদের সঙ্গে দু'বার বৈঠকে বসে কেন্দ্রীয় সরকার। কিন্তু তাতে জট খোলেনি। 

বৃহস্পতিবার দীর্ঘ সাত ঘণ্টা আলোচনার পরে ভারতের কৃষিমন্ত্রী নরেন্দ্র তোমর বললেন, 'আমাদের কোনও ইগো নেই।' পরে তিনি জানান, কৃষক ইউনিয়নের নেতাদের সঙ্গে পরবর্তী বৈঠক হবে শনিবার। আন্দোলনরত কৃষকরা অবশ্য আগে বলেছিলেন, আলোচনার মাধ্যমে বিরোধের নিষ্পত্তি করার জন্য বৃহস্পতিবার শেষ সুযোগ পাবে সরকার। নরেন্দ্র তোমর কৃষক নেতাদের বলেন, 'সরকার কৃষকদের আরও আইনি অধিকার দেওয়ার কথা ভাবছে। তাঁরা ন্যূনতম সহায়ক মূল্য পাবেন। এ ব্যাপারে আমরা তাদের গ্যারান্টি দিচ্ছি। এই অবস্থায় কৃষকরা যদি আন্দোলন শেষ করেন, তাহলেই ভাল হয়।' 

তার আগে কৃষক নেতারা বিস্তারিত জানান, নতুন তিনটি আইনে কী কী গলদ আছে বলে তারা মনে করেন। নরেন্দ্র তোমর বাদে এদিন বৈঠকে উপস্থিত ছিলেন অপর দুই কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল ও সোমপ্রকাশ। আলোচনাপর্বের মাঝে লাঞ্চ ব্রেকের সময় সরকারের দেওয়া খাবার খেতে অস্বীকার করেন কৃষকরা। তারা বলেন, আমরা খাবার নিয়ে এসেছি। বিজ্ঞান ভবনের বাইরে একটি ভ্যান দাঁড়িয়েছিল। কৃষক নেতারা সেই ভ্যানে খাবার এনেছিলেন।

বিজ্ঞান ভবনে তারা নিজেদের আনা খাবার খান। বিজ্ঞান ভবনের ভেতরে তোলা ছবিতে দেখা যায়, একটা লম্বা টেবিলে বসে নেতারা দ্রুত লাঞ্চ সেরে নিচ্ছেন। কয়েকজন মাটিতে বসে খাচ্ছেন। এক কৃষক নেতা বলেন, 'সরকার আমাদের খেতে দিতে চেয়েছিল। কিন্তু আমরা নিজেদের খাবার নিয়ে এসেছি।' অপর এক কৃষক নেতা বলেন, 'আমরা মিটিং-এর সময় সরকারের দেওয়া চা-সুদ্ধু খাইনি।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে