রবিবার, ০৬ ডিসেম্বর, ২০২০, ০৮:৪১:৪৫

কৃষকদের ভারত বনধে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন

কৃষকদের ভারত বনধে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে বিক্ষোভকারী কৃষকদের সঙ্গে কেন্দ্রের পঞ্চম বারের বৈঠকও বিফলে গিয়েছে। ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ৯ ডিসেম্বর। এর আগে মোদী সরকারের উপর চাপ বাড়াতে ভারত বনধের ডাক দিয়েছে আন্দোলনকারী কৃষক সংগঠনগুলো। সেই বনধকে সম্পূর্ণভাবে সমর্থন জানিয়েছে কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দল।

রোববার (৬ ডিসেম্বর) ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে এমনই তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে ভারতের সব রাজ্যের রাজধানী ও জেলাতে কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধী চাষীদের ডাকা বনধের সমর্থনে সভা-সমাবেশেরও নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে আরও বলা হয়েছে, অল ইন্ডিয়া কিষাণ সংঘর্ষ কো-অর্ডিনেশন কমিটির ব্যানারে ডাকা ভারত বনধের আহ্বানে সারাদেশে ৪ শতাধিক কৃষক সংগঠন শামিল হয়েছে। কংগ্রেসের মুখপাত্র পবন খেরা বলেন, 'কংগ্রেস ৮ ডিসেম্বরের ভারত বনধকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা আমাদের দলীয় কার্যালয়েও বিক্ষোভ করব। এটা কৃষকদের প্রতি রাহুল গান্ধীর সমর্থন জোরদার করার পদক্ষেপ হবে। আমরা নিশ্চিত করব যে বিক্ষোভ সফল হয়েছে।''

এদিকে, পাঞ্জাবে কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধীতায় পথে নেমেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ক্যাপ্টেন অমরিন্দর সিং। অন্যদিকে দক্ষিণী সুপার স্টার কমল হাসানও কৃষকদের ডাকা বনধে সমর্থন জানিয়েছেন। চলতি প্রতিবাদ কর্মসূচিতে তার দলও (মাক্কাল নিধি মায়াম) অংশীদার হচ্ছে বলে ঘোষণা করেছেন তিনি।

মাক্কাল নিধি মায়ামের এক বিবৃতিতে বলা হয়েছে, হরিয়ানা রাজধানী সীমানায় বিক্ষোভকারী কৃষকদের কাছে দলের ১০ সদস্য যাবেন। সেখানে কেন্দ্রীয় তিন কৃষি আইন প্রত্যাহারের দাবি জানাবেন দলটি। মূলত, কোন সমাধান না হওয়ায় পঞ্চম বারের বৈঠকটি বিফলে গেছে। কৃষক সংগঠনগুলোর কাছে আরও সময় চেয়েছে কেন্দ্র। যাতে বিস্তারিত প্রস্তাব কৃষকদের সামনে পেশ করা যায়, তার জন্য আবার আগামী ৯ ডিসেম্বর বৈঠকে বসবে দুপক্ষ। 

নিজেদের দাবিতে পঞ্চম বৈঠকেও অনড় ছিলেন কৃষক নেতারা। এ দিন বৈঠকে মৌন ব্রত পালন করেন কৃষক নেতারা। কেন্দ্রীয় মন্ত্রীর কথায় শুধু হ্যাঁ বা না উত্তর দেন তারা। সেইসঙ্গে তিনটি কৃষি আইন বাতিলের দাবিতেও এক ছিলেন। অনেক চেষ্টা করেও তাদের এই সংকল্প ভাঙতে ব্যর্থ হয় কেন্দ্র।

কৃষকদের প্রস্তাবিত বনধকে কংগ্রেস ছাড়াও তৃণমূল কংগ্রেস, জাতীয় লোক দল, আরজেডি, রাষ্ট্রীয় লোক সমতা পার্টি (আরএলএসপি) এবং সমাজবাদী পার্টি সমর্থন করেছে। বাম দলের মধ্যে সিপিআই, সিপিআইএম, সিপিআই(এমএল), আরএসপি এবং অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লকও বনধকে সমর্থন জানিয়েছে। সব মিলিয়ে ভারতে চলমান কৃষক আন্দোলন আরও জোরালো হতে চলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস ও পার্স টুডে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে