রবিবার, ০৬ ডিসেম্বর, ২০২০, ০৯:০৭:১৮

লাদাখ সীমান্তে উপগ্রহের ক্যামেরায় ধরা পড়লো চাঞ্চল্যকর ছবি

লাদাখ সীমান্তে উপগ্রহের ক্যামেরায় ধরা পড়লো চাঞ্চল্যকর ছবি

আন্তর্জাতিক ডেস্ক : লাদাখে এখনও মেটেনি চীন-ভারত সংঘাত। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে লাদাখের উপগ্রহের একটি চাঞ্চল্যকর ছবি। যেখানে দেখা গিয়েছে, অরুণাচল সীমান্তের খুব কাছে নতুন করে তিনটি গ্রাম তৈরি করেছে চীন। রোববার আনন্দবাজারের একটি প্রতিবেদনে এমনই তথ্য তুলে ধরা হয়েছে। 

সেখানে বলা হয়েছে চীন-ভারত সংঘাত উত্তাপ আরও বাড়িয়ে দেওয়ার জন্য এটিই যথেষ্ট। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টের ছবিতে স্পষ্ট দেখা গেছে অরুণাচল সীমান্তের খুব কাছে নতুন করে অন্তত তিনটি গ্রাম তৈরি করেছে চীন সরকার। নয়াদিল্লি এ নিয়ে এখনও কোনো মন্তব্য না করলেও, বিষয়টির ওপর নজর রয়েছে বলে সাউথ ব্লকের একাধিক সূত্রের খবরে বলা হয়েছে।

ভারত-চীন-ভুটান এই তিন দেশের সীমান্তে অবস্থিত বুম লা (গিরিপথ)। এই গিরিপথের জংশনে ভারতের সীমান্ত থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে নিজেদের ভূখণ্ডে গত এক বছরে অন্তত তিনটি গ্রাম তৈরি করেছে চীন। সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে উপগ্রহ চিত্রের একটি ছবি তুলে ধরা হয়েছে। যেখানে ৩টি গ্রাম তৈরির ছবি ধরা পড়েছে। এই গ্রামগুলি ডোকালাম থেকে মাত্র ৭ কিলোমিটারের মধ্যে।

'প্ল্যানেট ল্যাব' নামে একটি সংস্থার উপগ্রহ চিত্রে দেখা গেছে, এ বছরের ১৭ ফেব্রুয়ারিতে একটি মাত্র গ্রাম ছিল সেখানে। তাতে ২০টি বাড়ি ছিল। ২৮ নভেম্বরের অন্য আরেকটি ছবিতে দেখা গেছে, আরও অন্তত ৩টি গ্রাম তৈরি হয়েছে। অর্থাৎ এই গ্রামগুলি ১৭ ফেব্রুয়ারি থেকে ২৮ নভেম্বরের মধ্যে তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিটি গ্রামে প্রায় ৫০টি বাড়ি আছে। সবগুলোই কাঠের তৈরি। ১ কিলোমিটারের দূরত্বে তৈরি হয়েছে এই ৩টি নতুন গ্রাম। সবকটি গ্রামের সঙ্গে সংযোগকারী রাস্তাগুলোও পাকা, পিচের তৈরি। ওই গ্রামগুলোতে অন্য এলাকা থেকে বাসিন্দাদের নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে। পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত-চীন সংঘাত শুরু হয়েছিল চলতি বছরের মে মাসের শুরুর দিকে। 

১৫ জুন গালওয়ান উপত্যকায় নজিরবিহীন সেনা সংঘর্ষে বিপুল প্রাণহানি হওয়ার পর দফায় দফায় কূটনৈতিক ও সামরিক স্তরে আলোচনার পরেও সেই সংঘাত এখনো মেটেনি। কূটনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন, নয়াদিল্লি যখন পূর্ব লাদাখ নিয়ে ব্যস্ত, সেই ফাঁকেই সুকৌশলে এই গ্রামগুলো তৈরি করেছে বেইজিং। আর এতে ভারত-চীন দ্বন্দ্ব আরও বাড়তে পারে বলে মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা। সূত্র: আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে