মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০২০, ০৯:৪৭:১৩

কীসের ভেদাভেদ, মুসলিম কৃষকদের নমাজ পড়ার সময় পাহারাদার শিখ ভাইয়েরা

কীসের ভেদাভেদ, মুসলিম কৃষকদের নমাজ পড়ার সময় পাহারাদার শিখ ভাইয়েরা

নয়াদিল্লি: যতই সাম্প্রদায়িকতার চেষ্টা হোক না কেন, হিন্দু-মুসলিম যে একে অপরের পরিপূরক তা ফের স্পষ্ট হয়ে উঠল কৃষক আন্দোলনে। এমনিতেই কৃষি আইনের দাবিতে কৃষকদের আন্দোলনে বেকায়দায় পড়েছে সরকার। কৃষকদের সমর্থনে বিরোধী দলগুলি এগিয়ে আসছে। একই সঙ্গে মুসলিম পক্ষও পাঞ্জাব ও হরিয়ানার কৃষকদের সমর্থনে যোগ দিয়েছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও, যাতে মন ভালো হয়ে গিয়েছে দেশের শুভাকাঙ্খী মানুষের।

ভিডিওতে দেখা যাচ্ছে, মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষ কৃষকদের আন্দোলনে এসে নমাজ পড়ছেন। আর তাঁদের সুরক্ষার ব্যবস্থাতে রয়েছেন শিখ সম্প্রদায়ের লোকেরা। আজকের ভারতে রাজধানীর বুকে এই ছবিতে শীতের মধ্যেও বসন্ত এসেছে।

ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, শিখ সম্প্রদায়ের মানুষেরা নমাজ পড়া মুসলিম সম্প্রদায়ের মানুষদের সুরক্ষায় দাঁড়িয়ে রয়েছে। রানা আয়ুব নামে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল করেছে। প্রচুর মানুষ ভিডিওটি শেয়ার করেছেন। অনেকের বক্তব্য, ভিডিওটি ফের একবার ভারতের একতাকে তুলে ধরেছে।

সাধারণ মানুষ ভিডিওতে প্রচুর কমেন্ট করেছেন। কেউ জানিয়েছেন, “এটাই ভারতের আসল চিত্র, কোনও ধর্ম, বর্ণ আমাদের আলাদা করতে পারে না। আমাদের সকলকে প্রতিটি কঠিন সময়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রতিটি কঠিন সময়ে আমাদের একে অপরের হাত ধরে থাকতে হবে।”

উল্লেখ্য, ২৭ নভেম্বর থেকে কৃষকরা দিল্লি-হরিয়ানা সীমান্তে অবস্থান করছে। কৃষি আইন বাতিল করার জন্য সরকারকে চাপ দিচ্ছে কৃষকেরা। যা ঘিরে সারা দেশ উত্তাল তো বটেই, এমনকি বিদেশেও আন্দোলনের রেশ ছড়িয়েছে। যা ঘিরে বেশ চাপে মোদী সরকার।-কলকাতা২৪×৭

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে