আন্তর্জাতিক ডেস্ক : আজারবাইজানের বিজয় উৎসবে যোগ দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, আর্মেনিয়ায় সরকার পরিবর্তন চান। তিনি তুরস্কের সঙ্গে আর্মেনিয়ার সীমান্ত খুলে দেয়ার কথাও বলেছেন। তিনি বলেন, আর্মেনিয়ার জনগণ ব্যর্থ নেতৃত্বের বোঝা থেকে মুক্তি পাবে, যারা অতীতে তাদের মিথ্যা বলে বুঝিয়েছে এবং দারিদ্র্যের মধ্যে ঠেলে দিয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট জানান, আঞ্চলিক সহযোগিতা গড়ে তোলার জন্য তিনি রাশিয়া, আজারবাইজান, ইরান, জর্জিয়ার সঙ্গে কথা বলেছেন। সেখানে সম্ভব হলে আর্মেনিয়াও থাকবে। আজারবাইজান নিজের জমি ফিরে পেয়েছে। তবে তার মানে এই নয়, সংঘাত শেষ। যে সংঘাত রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে ছিল, সেটি এবার অন্য ফ্রন্টে হবে।
এরদোগানের দাবি, আর্মেনিয়ার সেনারা যুদ্ধাপরাধ করেছেন। তারা শহর, গ্রাম ও মসজিদ ধ্বংস করেছে। তাই তাদের বিচার হওয়া উচিত। আর্মেনিয়ার সেনা অবশ্য দাবি করে, এসব ধ্বংস হয়েছে আজারবাইজানের সেনার আক্রমণে। প্রসঙ্গত আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধে সরাসরি আজারবাইজানের পক্ষ নিয়েছিল তুরস্ক। সূত্র : ডয়েচে ভেলে।