শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০, ০৯:৪৬:১২

ইসরায়েল-মরক্কো সম্পর্ক স্বাভাবিকীকরণের নেপথ্যে সৌদি আরব

ইসরায়েল-মরক্কো সম্পর্ক স্বাভাবিকীকরণের নেপথ্যে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল ও মরক্কোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সৌদি আরব। আমেরিকার মধ্যস্থতায় বৃহস্পতিবার ওই চুক্তি হয়। একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ইসরায়েলের চ্যানেল-১২ শুক্রবার জানায়, এ চুক্তিতে রিয়াদ জড়িত ছিল। তবে এ বিষয়ে চ্যানেলটি বিস্তারিত কিছু বলেনি।

রিপোর্টে বলা হয়েছে, দখলদার ইসরায়েলের সঙ্গে খুব দ্রুত সৌদি আরব নিজেই সম্পর্ক স্বাভাবিক করতে পারে। সৌদি রাজপরিবারের সঙ্গে বিশেষ ঘনিষ্ঠ একটি বিখ্যাত দৈনিক পত্রিকা মরক্কো ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিকে খুবই গুরুত্ব দিয়ে প্রথম পৃষ্ঠায় ছেপেছে। পত্রিকাটির এমন নিউজ ট্রিটমেন্টের ঘটনাকে ইসরায়েল-মরক্কো চুক্তির প্রতি সৌদি আরবের সমর্থন বলে বিবেচনা করা হচ্ছে।

এদিকে, ইসরায়েলের চ্যানেল-১৩ জানিয়েছে, আমেরিকার বিদায়ী ট্রাম্প প্রশাসনের সঙ্গে সৌদি আরব একসঙ্গে কাজ করছে যাতে আরো কয়েকটি দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করে। রিপোর্টে ধারণা দেয়া হয়েছে, ওমান ও ইন্দোনেশিয়া হচ্ছে সম্ভাব্য দুই দেশ যারা ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারে। সূত্র : পার্সটুডে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে