আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় কাটসিনা রাজ্যে বন্দুকধারীর হামলায় শতাধিক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাকারীরা বোকো হারামের সদস্য ছিলেন। হামলাকারীরা মোটর সাইকেলে করে স্কুলে আসে। আকাশে গুলি ছুঁড়তে থাকে। এসময় প্রাণ বাঁচাতে পালিয়ে যায় শিক্ষার্থীরা।
শুক্রবার রাতে গভর্নমেন্ট সাইন্স সেকেন্ডারি স্কুল লক্ষ্য করে হামলা চালানো হয়। বিদ্যালয়ে তখন ৮০০ জনের মতো শিক্ষার্থী ছিল। কত শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে তার সঠিক সংখ্যা জানায়নি পুলিশ। আবাসিক স্কুলের পাশের বাসিন্দারা জানান, স্থানীয় সময় রাত ১০টা নাগাদ গুলির শব্দ শুনতে পান তারা। এক ঘণ্টা অব্যাহতভাবে গুলির শব্দ শোনা যায়।
কর্মকর্তা জানান, স্কুলের নিরাপত্তা রক্ষীরা পুলিশ আসার আগে কয়েকজন হামলাকারীকে প্রতিহত করতে সক্ষম হয়। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, বেশ কয়েকজন শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যেতে দেখেছেন তারা। শনিবার স্থানীয়রা পুলিশের সঙ্গে নিখোঁজ শিক্ষার্থীদের খুঁজে তল্লাশি অভিযানে অংশ নিয়েছে। কয়েকজন অভিভাবক বলেছেন, তারা তাদের সন্তানদের স্কুল থেকে বাড়ি নিয়ে গেছেন।
ফরাসি বার্তা সংস্থা এএফপিকে প্রত্যক্ষদর্শী নুরা আবদুল্লাহি বলেন, পুরো স্কুল এখন জনমানব শূন্য। শিক্ষার্থীরা জীবন বাঁচাতে পালিয়েছে। নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে অভিযানে নেমেছে সেনাবাহিনী এবং বিমানবাহিনী। নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির বাড়ি কাটসিনা রাজ্যে। ব্যক্তিগত ছুটিতে তিনি এখন সেখানে রয়েছেন।
বুধবার অন্যরাজ্যের একটি গ্রাম থেকে স্থানীয় এক নেতাসহ ২১ জনকে অপহরণ করা হয়। দু'দিন পরেই স্কুল থেকে শিক্ষার্থী অপহরণের ঘটনা ঘটলো। ২০১৪ সালের নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্যের চিবুক শহর থেকে ২৭০ জনের বেশি মেয়েকে অপহরণ করে উগ্রবাদীগোষ্ঠী বোকো হারাম। সূত্র : বিবিসি