আন্তর্জাতিক ডেস্ক : বিধানসভা নির্বাচন ঘিরে ক্রমেই অশান্ত হয়ে উঠছে পশ্চিমবঙ্গ। রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস আর কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি এখন মুখোমুখি অবস্থানে। এমন পরিস্থিতির মধ্যে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার গাড়িবহরে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিজেপির আলোচিত-সমালোচিত সংসদ সদস্য সাধ্বী প্রজ্ঞা।
মমতা ব্যানার্জীর দিকে তোপ দেগে তিনি বলেন, 'মমতা অবসন্ন, কারণ তিনি জানেন যে তার শাসন শেষ হতে চলেছে।' সংবাদ সংস্থা এএনআইকে ধর্মগুরু থেকে সাংসদ হওয়া এ নেত্রী বলেন, মমতা ব্যানার্জী হতাশ। তিনি বুঝতে পেরেছেন যে তার শাসনের অবসান হতে চলেছে। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি জিতবে এবং পশ্চিমবঙ্গে হিন্দু রাজ থাকবে।
বিধানসভার নির্বাচনের বাকি আর মাত্র ৬ মাস। নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে বাড়ছে রাজনৈতিক দলগুলোর প্রচারণা। ছড়াচ্ছে উত্তাপ আর উত্তেজনা। আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে উন্নয়নের ফিরিস্তি তুলে ধরছে তৃণমূল কংগ্রেস।
এছাড়া, বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো, বাঙালি অবাঙালি বিভেদ, নাগরিকত্ব আইনের নামে মুসলিমদের তাড়ানোর উদ্যোগ ও সাধারণ নাগরিকদের স্বার্থবিরোধী বিল পাসের মতো নানা অভিযোগ সামনে আনছে দলটি। তবে একচুলও ছাড়তে নারাজ বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে নানা অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ এনে মাঠ গরম করছে গেরুয়া শিবির।
এদিকে ভোটের আগে পরিস্থিতি খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গে আসছেন ভারতের কেন্দ্রীয় উপ-প্রধান নির্বাচন কমিশনার সুদীপ জৈন। তিনদিনের সরকারি সফরে জেলা শাসক, পুলিশ সুপারদের সঙ্গে নির্বাচন সংক্রান্ত বৈঠক করবেন তিনি।