সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০, ০৪:৪৮:৪২

'খেলা শেষ হয়ে যায়নি', স্পষ্টই বলে দিলেন ট্রাম্প

'খেলা শেষ হয়ে যায়নি', স্পষ্টই বলে দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনে হেরে গিয়ে একের পর এক কাণ্ড করে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার কথাবার্তা ও আচরণ দেখে বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে যে, মার্কিন প্রেসিডেন্ট অনেকটাই বিধ্বস্ত-টালমাটাল। ৩ নভেম্বরের নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট দলের নেতা জো বাইডেন। অনানুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে।

মন্ত্রিসভাও বাছাই করে ফেলেছেন বাইডেন। আর কিছুক্ষণ পরই নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করবে ইলেকটোরাল কলেজ। তার আগ মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, 'খেলা শেষ হয়ে যায়নি।' নির্বাচনে বিজয়ী জো বাইডেনের অভিষেক অনুষ্ঠান নিয়ে কোনো কথা বলতে রাজি নন ট্রাম্প। উপরন্তু তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র তৃতীয় বিশ্বের দেশের মতো হয়ে গেছে।

ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে নির্বাচনে এখনও পরাজয় না–মানা ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফল পাল্টানোর চেষ্টা তিনি অব্যাহত রেখেছেন। 'না, এটি শেষ হয়ে যায়নি। আমরা এখনও আশাবাদী। আমরা ভোটের ফল পাল্টানোর চেষ্টা করছি। স্থানীয় আদালতগুলোতে আমাদের বেশ কিছু মামলা করা আছে।'

প্রেসিডেন্ট ট্রাম্পকে সোমবারের ইলেকটোরাল কলেজের নির্বাচনের কথা স্মরণ করিয়ে দেয়া হলে তিনি নিজেও স্বীকার করেন, সময় তার জন্য শেষ হয়ে আসছে। তবে খেলা শেষ হয়ে যায়নি বলে তিনি পুনরায় উল্লেখ করেন। ট্রাম্প তার সাক্ষাৎকারে বলেন, কারচুপির মাধ্যমে জয় পাওয়া একজন অবৈধ প্রেসিডেন্ট (বাইডেন) দেশ পরিচালনা করবেন, এমনটি হতে পারে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে