মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০, ০৬:৫০:৪৯

মমতার দল তৃণমূল ১০০টি আসন পাবে কি না, তা নিয়ে মুকুল রায়ের সন্দেহ

মমতার দল তৃণমূল ১০০টি আসন পাবে কি না, তা নিয়ে মুকুল রায়ের সন্দেহ

আন্তর্জাতিক ডেস্ক : আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল ১০০টি আসন পাবে কি না, তা নিয়ে সন্দেহ আছে বলে মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। নতুন কৃষি আইনের বিরুদ্ধে যখন কৃষকরা দিল্লিতে আন্দোলন করছেন, তখন ওই আইনের সমর্থনে সভা করলো বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলা। 

সোমবার ঢোলাহাটের মিলন মোড়ের পাশের মাঠে ওই সভায় মুকুল বলেন, ''২১-এর নির্বাচনে তৃণমূল রাজ্যে ১০০টা আসন পাবে কি না, সন্দেহ আছে। গত ১০ বছরে রাজ্যে কোনও কর্মসংস্থান হয়নি। বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে সোনার বাংলা গড়ে তুলবে।'' তৃণমূল অবশ্য মুকুলবাবুর ওই মন্তব্যকে গুরুত্বই দিচ্ছে না। 

তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী তাপস রায়ের কটাক্ষ, ''মুকুলবাবু কি গণৎকার হয়েছেন? এক সময়ে উনি বিজেপি সম্পর্কে যে সব মন্তব্য করতেন, সেগুলো একটু মনে করে বলুন। তা হলে ওঁর, আমাদের এবং বিজেপির সকলেরই ভাল লাগবে!'' 

ওই সভাতেই রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ফের তৃণমূল সরকারকে 'চালচোরের সরকার' বলে কটাক্ষ করেন। পাশাপাশি, এ দিন তিনি ফের কারও নাম না করে অভিযোগ করেন, কয়লা পাচার, গরু পাচার এবং সোনা পাচার করেন 'ভাইপো'। এ দিন ঢোলাহাটের ওই সভায় বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থকেরা বিজেপিতে যোগ দেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে