আন্তর্জাতিক ডেস্ক : নতুন কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদে বৃহস্পতিবার উত্তাল হলো দিল্লি বিধানসভা। এ দিন বিশেষ অধিবেশন চলাকালীন 'মোদি সরকারকে ব্রিটিশদের চেয়েও খারাপ শাসক' আখ্যায়িক করে ওই আইনের কপি ছিঁড়ে ক্ষোভ প্রকাশ করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
সেই সঙ্গে কেন্দ্রকে কটাক্ষ করে তিনি বলেন, 'ব্রিটিশের চেয়েও খারাপ শাসক' যেন না হয়ে ওঠে কেন্দ্রীয় সরকার।' বৃহস্পতিবার দিল্লিতে কৃষক বিক্ষোভ নিয়ে আলোচনার জন্য বিধানভায় বসেছিল বিশেষ অধিবেশন। তাতে অরবিন্দ কেজরিওয়ালের বক্তৃতার সময় নাটকীয় পরিস্থিতি তৈরি হয়।
অরবিন্দ কেজরিওয়াল বলেন, ''আমি এই ৩টি কৃষি আইন ছিঁড়ে ফেলছি এবং কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাচ্ছি তারা যেন ব্রিটিশের চেয়েও খারাপ শাসক না হয়ে ওঠে। করোনা মহামারির সময় কৃষি আইন পাশ করানো নিয়ে এত তাড়াহুড়োর কী দরকার ছিল?''
কেজরিওয়ালের মতে, ''প্রতিটি কৃষক এখন ভগৎ সিং হয়ে উঠেছেন। সরকার বলছে, তারা কৃষকদের কাছে গিয়ে নতুন আইনের সুবিধা তুলে ধরবে। কৃষকদের লাভ হবে কারণ তাদের জমি কেড়ে নেওয়া হবে না। এটা কি সত্যিই কোনো লাভ?''
কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের বিক্ষোভে শুরু থেকেই সমর্থন দিয়ে আসছে আম আদমি পার্টি (এএপি)। বিক্ষোভকারীদের পানি, ওষুধপত্র এবং অন্য প্রয়োজনীয় পরিকাঠামোর ব্যবস্থাও করেছে দিল্লির আপ সরকার।