শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০, ০৯:২৬:৩৯

কৃষি আইন বাতিলের দাবিতে ভারতে আন্দোলন, ২৫ কৃষকের মৃত্যু

 কৃষি আইন বাতিলের দাবিতে ভারতে আন্দোলন, ২৫ কৃষকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে সম্প্রতি পাস হওয়া কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনকারী কৃষকদের ২৫ জন মারা গেছেন। এদের মধ্যে কয়েকজন তীব্র শীতের কারণে মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। খবর আল জাজিরার।

হরিয়ানা রাজ্য পুলিশের মহাপরিচালক মনোজ যাদভ জানান, গত ২৬ নভেম্বর থেকে আন্দোলন শুরু হওয়ার পর এখন পর্যন্ত অন্তত ২৫ কৃষকের মৃত্যু হয়েছে।

যাদভ বলেন, ‘২৫ জনের মতো মারা গেছেন। চৌদ্দ জন মারা গেছেন স্বাভাবিক কারণে, যার মধ্যে ছিল হার্ট অ্যাটাক ও ঠাণ্ডাজনিত কারণ।’ এছাড়া দু’দিন আগে একজন আত্মহত্যা করেছেন বলে জানান তিনি।

তিনি আরও জানান, আন্দোলনে অংশ নিতে পাঞ্জাব ও দিল্লি থেকে আসার পথে সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।

তবে আন্দোলনের নেতা দর্শন পাল আল জাজিরাকে বলেন, ‘মৃতের সংখ্যা হবে অন্তত ৩৫।’ তিনি বলেন, তারা ‘কালো আইনের’ বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে মারা গেছেন।

সমগ্র ভারত কিষাণ সংগ্রাম সমন্বয় কমিটির মুখপাত্র আশুতোষ মিশ্র বলেন, অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে আন্দোলনে অংশগ্রহণ করতে আসার পথে সড়ক দুর্ঘটনায়।

আন্দোলনকারী কৃষকদের অধিকাংশই ষাটোর্ধ্ব বয়সের। উত্তর ভারতের তীব্র শীত উপেক্ষা করে খোলা জায়গায় ক্যাম্প বসিয়ে মহাসড়কে ট্রাক্টর রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।

উত্তর ভারত জুড়ে বর্তমানে শৈত্যপ্রবাহ চলছে। রাতে তাপমাত্রা নেমে আসছে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াসে। এর ফলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে বলে জানান মিশ্র।

এ বছর সেপ্টেম্বরে ভারত সরকার তিনটি নতুন কৃষি আইন পাস করার পর হাজার হাজার কৃষক এর বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। কৃষকদের দাবি, এই আইন তাদের জীবিকায় আঘাত হানবে এবং শুধু বড় কর্পোরেশনগুলোই এতে লাভবান হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে