আন্তর্জাতিক ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, তিনি জনসম্মুখে ভ্যাকসিন নেবেন। তার বয়সী ব্যক্তিদের যখন ভ্যাকসিন দেয়া হবে তখন তিনিও নেবেন বলে রোববার এক সাক্ষাৎকারে জানিয়েছেন ট্রুডো।
তুলনামূলকভাবে সীমিত সরবারহ নিয়েই গত ১৪ ডিসেম্বর থেকে কানাডায় ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে। বেশি ঝুঁকিতে আছেন এমন ব্যক্তিদের আগে ভ্যাকসিন দেয়া হচ্ছে। এর মধ্যে আছেন সামনের সারির স্বাস্থ্যকর্মী ও দীর্ঘমেয়াদী সেবাকেন্দ্রগুলোর বাসিন্দা ও কর্মীরা।
সিবিসি টেলিভশনকে দেয়া সাক্ষাৎকারে ট্রুডো বলেন, ‘অবশ্যই। যখন আমার পালা আসবে আমি জনসম্মুখে ও আগ্রহের সাথে নেব (ভ্যাকসিন)।’ স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুসরণ করবেন বলেও জানান তিনি।
এ বছর বড়দিনে ৪৯ বছরে পা দেবেন কানাডার প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘চল্লিশের স্বাস্থ্যবান প্রাপ্তবয়স্কদের জন্য যখন ভ্যাকসিন উন্মুক্ত হবে, আমি ভ্যাকসিন নেব।’