আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গ বাসী মমতা ব্যানার্জীকেই মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। আন্তর্জাতিক সমীক্ষক সংস্থা সি ভোটারের ওপিনিয়ন পোলে এই তথ্যই উঠে এসেছে। পশ্চিমবাংলা সহ ভারতের ৫৪৩টি লোকসভা কেন্দ্রে সি ভোটার গত ১৫ দিন ধরে সমীক্ষা চালিয়েছে। তাদের স্যাম্পল সাইজ ৩০০০০।
পশ্চিমবাংলার সমীক্ষায় উঠে এসেছে যে, ৪২ শতাংশ মানুষ মমতাতেই পূর্ণ আস্থা রেখেছেন। তাঁদের বক্তব্য, ১০ বছরে মমতা বন্দোপাধ্যায় রাজ্যকে ঠিকভাবেই পরিচালনা করেছেন নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও। ৩২ শতাংশ মানুষ মমতাকে আংশিক সমর্থন করেছেন। মমতার ১০ বছরের শাসনকালে দুর্নীতির কথা মাথায় রেখেই এই আংশিক সমর্থন। ২২ শতাংশ মানুষ মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলের নতুন মুখ চান।
আম্ফান দুর্নীতি, সারদা, নারোদা -এই সবই মমতার বিপক্ষে গেছে। ৩ শতাংশ মানুষ মন্তব্য করা থেকে বিরত থেকেছেন। সারা ভারতের সমীক্ষায় মুখ্যমন্ত্রীদের তালিকায় মমতা ৭ নম্বরে জায়গা পেয়েছেন। তার আগের ৬টি জায়গায় আছেন পর্যায়ক্রমে নবীন পট্টনায়েক, অরবিন্দ কেজরিওয়াল, জগন্মোহন রেড্ডি, পিনারাই বিজয়ন, উদ্ধব ঠাকরে ও ভুপেশ বাঘেল। এই তালিকায় বিজেপি রাজ্যগুলির একজন মুখ্যমন্ত্রীও নেই।