বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১, ০৮:৫২:১৩

ভ্লাদিমির পুতিনকে ফোন করে কড়া বার্তা দিলেন জো বাইডেন

ভ্লাদিমির পুতিনকে ফোন করে কড়া বার্তা দিলেন জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রতি যে নমনীয় অবস্থানে ছিলেন, তার পাশ কাটিয়ে পুতিনকে গরম বার্তা দিলেন বাইডেন। 

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথম কোনো দেশের প্রেসিডেন্টের সঙ্গে কথা বললেন জো বাইডেন। হোয়াইট হাউস সূত্র বলছে, রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির আটক হওয়া, সাইবার গুপ্তচরবৃত্তিসহ একাধিক বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জো বাইডেন।

অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকার চার বছরেই রাশিয়ার ব্যাপারে ছিলেন নমনীয়। ট্রাম্প প্রশাসনও সেভাবে চলেছে। কিন্তু বাইডেন যে ট্রাম্পের দেখানো পথে হাঁটবেন না, হোয়াইট হাউসে যাওয়ার পরই সেই বার্তা দিলেন তিনি। জানা গেছে, নাভালনি আটক হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশের পাশাপাশি আফগানিস্তানে মার্কিন সেনাদের হত্যা এবং হত্যার পরিকল্পনা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। 

আর এসব ব্যাপারে জো বাইডেন কথা বলেছেন পুতিনের সঙ্গে। এ ছাড়া সাইবার গুপ্তচরবৃত্তির অভিযোগ নিয়েও রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ উঠেছিল। পুতিনের সাথে প্রথম ফোনালাপে জো বাইডেন আমেরিকার নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন।

জো বাইডেন ইঙ্গিত দিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প যতটুকু শক্ত ছিলেন ভ্লাদিমির পুতিনের ওপর, তিনি তার চেয়ে বেশি কঠোর থাকবেন। দুই নেতার ফোনালাপ সংক্রান্ত খবরে বলা হচ্ছে, রাশিয়া যে ২০২০ ও ২০১৬ সালের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করেছে, বাইডেন এই বিষয়টি জানেন বলে পুতিনকে বলেছেন। 

এছাড়া সাইবার ষড়যন্ত্র বা কোনো ধরণের আক্রমণ প্রতিহত করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলেও পুতিনকে জানিয়েছেন তিনি। বাইডেন এবং তার পররাষ্ট্রনীতি বিষয়ক দল ইউরোপ সম্পর্কে পুতিনের অভিসন্ধি এবং মানবাধিকার ইস্যুতে কঠোর অবস্থান নেবে। তবে তারা কোনো ধরণের দ্বন্দ্ব চায় না। বরং তারা সম্পর্ক বজায় রাখা এবং সহযোগিতা অব্যাহত রাখার মনোভাব জ্ঞাপন করেছেন। সূত্র : সিএনএন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে