রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১, ০৮:৫৩:২৫

৪ শিক্ষক সহ ১৮৬ স্কুলশিক্ষার্থী করোনায় আক্রান্ত

 ৪ শিক্ষক সহ ১৮৬ স্কুলশিক্ষার্থী করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি স্কুলের ১৮৬ জন শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে। এরা সবাই একটি হোস্টেলের শিক্ষার্থী। ওই স্কুলটি রাজ্যর ওয়াসিম জেলায়। স্কুলের আরও চার শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছেন। ছাত্র ও শিক্ষক করোনায় আক্রান্ত হওয়ার পরই ওই স্কুলকে করোনা সংক্রমণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।

এদিকে দুই সপ্তাহ আগে দেশটির দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালার দুটি স্কুলের শিক্ষার্থী-শিক্ষকেরা করোনায় আক্রান্ত হন। রাজ্যের মালাপ্পুরাম জেলার পাশাপাশি দুটি স্কুলের দশম শ্রেণির ১৮৯ জন শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়। একই সঙ্গে স্কুলে ৭০ জন শিক্ষক ও কর্মীও আক্রান্ত হন করোনায়। এরপর মহারাষ্ট্রের ১৮৬ স্কুল শিক্ষার্থী করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল।  

এনডিটিভির খবরে বলা হয়েছে, স্কুলের শিক্ষার্থীরা অধিকাংশই রাজ্যর অমরাবতী ও ইভাতমাল জেলার। আর এই দুই জেলায় সম্প্রতি করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়েছে। গতকাল বুধবার মহারাষ্ট্র রাজ্যে ৮ হাজার ৮০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত চার মাসের মধ্যে এ রাজ্য করোনা শনাক্তের হারে বুধবারই সবচেয়ে বেশি। গতকাল মহারাষ্ট্রের ৮০ জনের মৃত্যু হয়েছে। এই রাজ্যে ২১ লাখ ২১ হাজার ১১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ রাজ্যে এখন পর্যন্ত ৫১ হাজার ৯৩৭ জনের মৃত্য হয়েছে। আর এ জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে রাজ্য সরকার ও পুলিশ। স্বাস্থ্যবিধি না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

স্কুলের সব শিক্ষার্থী, শিক্ষক ও স্কুলের কর্মকর্তা ও কর্মচারীর করোনা টেস্ট করা হয়েছিল। এতজন কীভাবে করোনায় আক্রান্ত হলেন বা করোনা সবার মধ্যে ছড়িয়ে পড়ল, তা খতিয়ে দেখছেন রাজ্যের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে