রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১, ০৪:২৯:৫৬

'ভিক্ষা নয়, ভারতীয় মুসলিমরা অংশীদারিত্ব চাই', কলকাতার ব্রিগেড মঞ্চে আব্বাস সিদ্দিকি

'ভিক্ষা নয়, ভারতীয় মুসলিমরা অংশীদারিত্ব চাই', কলকাতার ব্রিগেড মঞ্চে আব্বাস সিদ্দিকি

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গ ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে। অথচ টানা কয়েকমাস ধরে আলোচনার টেবিলে বসেও বাম-কংগ্রেস-আইএসএফ জোটের জট কাটেনি। আইএসএফের দাবি মেনে জোটের বড় শরিক সিপিএম তাদের পছন্দমতো আসন ছেড়ে দিলেও, কংগ্রেস এ ব্যাপারে এখনও সবুজ সংকেত দেয়নি। তা সত্ত্বেও তিন দল মিলে রবিবার ব্রিগেডের মেগা শো'য় শামিল। 

এটাই নির্বাচনের আগে বিজেপি ও তৃণমূল বিরোধী সবচেয়ে বড় প্রচারসভা। নেতাদের প্রতিটি শব্দে, প্রত্যেক কথায় তার প্রতিফলন। কিন্তু তার মাঝেই 'সংযুক্ত মোর্চা'য় ঐক্যের তাল কেটে গেল আরেক জোট শরিক আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকির বক্তব্যে। পছন্দমতো আসন পেয়ে তিনি যেমন বামেদের ধন্য ধন্য করলেন, তেমনই কড়া বার্তা দিলেন কংগ্রেসকেও। আর তা ঘিরেই এত বড় মঞ্চে ক্ষণিকের জন্য পরস্পরের মতানৈক্যের ছবি প্রকাশ্যে চলে এল। তা নজর এড়াল না কারও।

''ভিক্ষা চাই না, অংশীদারিত্ব চাই।'' কথা বলতে এটুকুই ছিল। কিন্তু তাতেই বার্তা স্পষ্ট। যাদের উদ্দেশে একথা বলা, বুঝলেন তিনিও। রবিবার দুপুরে ব্রিগেডের মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নির্বাচনী বার্তা দিতে গিয়ে আব্বাসের এটুকু মন্তব্যেই বোঝা গেল, কংগ্রেসকেই তিনি কাঠগড়ায় তুলছেন। 

কারণ, সিপিএমের সঙ্গে জোট রফা হয়ে গেলেও, কংগ্রেস সেভাবে আব্বাসের দলকে জায়গা ছেড়ে দিতে রাজি নয়। ইন্ডিয়ান সেকুলার ফ্রণ্টের প্রধানের ভাষণে সেই অভিযোগের রেশ টের পেতেই বক্তব্যের মাঝেই মঞ্চ ছেড়ে চলে যেতে উদ্যত হন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। তাকে কোনওক্রমে বুঝিয়ে তা আটকে দেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে