সোমবার, ০১ মার্চ, ২০২১, ০৪:৩৬:১৩

'আমি হাওয়ার মতো ভেসে যেতে চাই', যৌতুকের চাপে নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা!

'আমি হাওয়ার মতো ভেসে যেতে চাই', যৌতুকের চাপে নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গুজরাতের আমদাবাদে সবরমতী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ২৩ বছরের এক বিবাহিত তরুণী। আত্মহত্যার আগে নদীর ধারে হাসিমুখে একটি ভিডিও রেকর্ড করেছেন তিনি। যা ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। সেই ভিডিওতে আবেগতাড়িত হয়ে বেশ কিছু কথা বলেছেন তিনি। 

ভিডিও থেকে জানা গিয়েছে, ওই মহিলার নাম আয়েশা। ভিডিওতে তিনি জানিয়েছেন, নিজের ইচ্ছাতেই জীবন শেষ করছেন তিনি। যদিও তার বাবার অভিযোগ, যৌতুকের জন্য শ্বশুরবাড়ির নিরন্তর ঝামেলার জেরেই আত্মহত্যা করেছেন আয়েশা। এই ঘটনা নিয়ে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। নদীতট থেকে আয়েশার দেহও উদ্ধার করা হয়েছে।

মেয়ের মৃত্যু নিয়ে আয়েশার বাবা লিয়াকত আলি জানিয়েছেন, রাজস্থানের জালোরের বাসিন্দা আরিফ খানের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়েছিল ২০১৮ সালের জুলাই মাসে। তিনি বলেন, ''বিয়ের পর থেকেই পণের জন্য চাপ দিত শ্বশুরবাড়ির লোকেরা। আমি কিছু টাকা দিয়েছিলাম। কিন্তু তাদের লোভ এতে বেড়ে গিয়েছিল। কিছু মাস আগে আয়েশার সঙ্গে ঝামেলা হয় আরিফের। তার পর আয়েশা এখানে ফিরে আসে। তখনও ফোনেও কথা হত না ওদের মধ্যে।''

আয়েশার রেকর্ড করা ২ মিনিটের ভিডিওতে তাকে বলতে শোনা যাচ্ছে, ''যে সিদ্ধান্ত আমি নিতে যাচ্ছি, এর জন্য কেউ আমাকে চাপ দেয়নি। বুঝলাম আল্লাহ আমাকে ছোট্ট জীবনই দিয়েছেন। বাবা, তুমি আর কত লড়বে? মামলা তুলে নাও। যে স্বাধীনতা চাই তাকে মুক্ত করে দাও।''

শেষে আয়েশা বলেছেন, ''আমি আমার জীবন শেষ করতে চলেছি। আল্লার সঙ্গে দেখা হবে ভেবে আমি খুশি। দেখা হলে তাকে জিজ্ঞাসা করব, আমি কী ভুল করেছি? আমার দোষ কী?'' সব শেষে আবেগতাড়িত হয়ে আয়েশাকে বলতে শোনা গিয়েছে, ''এই সুন্দর একলা নদীর কাছে আমার অনুরোধ, আমাকে যেন এই নদী নিজের মধ্যে প্রবেশ করতে দেয়। আমি হাওয়ার মতো উড়ে যেতে চাই। ভেসে যেতে চাই।'' আয়েশার ভিডিও দেখুন..

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে