আন্তর্জাতিক ডেস্ক : "মমতা ব্যানার্জী শুধু মুখ্যমন্ত্রী নয়, 'বাংলার মেয়ে'র ওপর পরিকল্পনা করে আঘাত করা হয়েছে। গোটা বাংলা জুড়ে ভয়ঙ্কর আন্দোলনে নামবে তৃণমূল। নেত্রীর ওপর আঘাত বরদাস্ত করা হবে না।" বীরভূমের তৃণমূল বিধায়ক অনুব্রত একইসঙ্গে এই ঘটনায় বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের মন্তব্যের তীব্র নিন্দা করেন তিনি।
অর্জুন সিং তার প্রতিক্রিয়ায় বলেন, "মমতা নিখুঁত অভিনয় করছেন।" তার সমালোচনায় অনুব্রত বলেন, "এই ধরণের মন্তব্য একেবারেই অভিপ্রেত নয়।" আরও একধাপ সুর চড়িয়ে তিনি বলেন "এবার এমন বিক্ষোভ হবে যা বিজেপিও সামলাতে পারবে না।" তবে দলের পক্ষ থেকে তারা এই ঘটনার তদন্ত চাইছেন কিনা জানতে চাওয়া হলে খানিকটা পিছু হটেন অনুব্রত।
তিনি বলেন তা জানাবে দলের শীর্ষ নেতৃত্ব। প্রসঙ্গত, মনোনয়ন জমা দিয়ে ফিরে নন্দীগ্রামে পায়ে গুরুতর চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। রানিচকের একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার সময় চোট পান তিনি। গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে তিনি নন্দীগ্রামের সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন। অভিযোগ সেই সময়ে কয়েকজন দরজায় ধাক্কা মারে। তাতেই পায়ে গুরুতর চোট পান মুখ্যমন্ত্রী। তাকে রীতিমতো যন্ত্রণায় ছটফট করতে দেখা যায়।
"ষড়যন্ত্র করেই তাকে আঘাত করা হয়েছে বলে জানান খোদ মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনে এই বিষয়ে অভিযোগ করবেন বলে জানান মমতা। মমতা ব্যানার্জী বলেন, জেনেবুঝে চার থেকে পাঁচজন ধাক্কা মারে তার গাড়ির দরজায়। তাতেই পায়ে আঘাত পান তিনি। আঘাত গুরুতর হাওয়ায় লাইফ সাপোর্ট সিস্টেমের এম্বুলেন্সে গ্রিন করিডোর করে পিজির উডবার্ন ওয়ার্ডে চিকিত্সার নিয়ে আসা হয় মুখ্যমন্ত্রীকে। সেখানে কার্ডিওলজি বিভাগের চিকিত্সকরা তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করেন। ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসের চিকিত্সকেরাও উপস্থিত বলে জানা গিয়েছে। সূত্র : নিউজ ১৮