আন্তর্জাতিক ডেস্ক: ক্যান্সার আক্রান্ত হয়ে আইভরি কোস্টের প্রধানমন্ত্রী হামেদ বাকায়োকো মারা গেছেন। বুধবার (১০ মার্চ) জার্মানির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, হামেদ বাকায়োকো দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। চিকিৎসার জন্য গত ফেব্রুয়ারিতে বাকায়োকোকে ফ্রান্সে নেয়া হয়। পরে তার স্বাস্থ্যের অবনতি হলে তাকে জার্মানিতে স্থানান্তর করা হয়। সেখানে একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। গত ৮ মার্চ তার ৫৬তম জন্মদিন ছিল। এর একদিন পরই মারা গেলেন তিনি।
প্রধানমন্ত্রী হামেদ বাকায়োকোর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট আলাসনে ওউতারা। এক শোক বার্তায় প্রেসিডেন্ট বলেন, প্রধানমন্ত্রী হামেদ বাকায়োকো একজন মহান রাজনীতিবিদ ছিলেন। তিনি তরুণ প্রজন্মের কাছে অনুকরণীয় ব্যক্তিত্ব এবং সততার দৃষ্টান্ত স্থাপনে সক্ষম হয়েছিলেন।