বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১, ০৩:১২:২৯

উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়, মমতার উপর হামলার প্রেক্ষিতে পুলিশের অ্যাকশন শুরু

উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়, মমতার উপর হামলার প্রেক্ষিতে পুলিশের অ্যাকশন শুরু

আন্তর্জাতিক ডেস্ক : নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনা ঘিরে সরগরম বঙ্গ রাজনীতি। তৃণমূল সুপ্রিমোর উপর হামলা চালানোর অভিযোগে মামলা রুজু করল পুলিশ। নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূল নেতা শেখ সুফিয়ান। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান। জানা যাচ্ছে, অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

অন্যদিকে, এই ঘটনায় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল। পার্থ চট্টোপাধ্যায়, ডেরেক ও'ব্রায়েন, চন্দ্রিমা ভট্টাচার্যরা কমিশনের অফিসে যান। নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনার পিছনে চক্রান্তের অভিযোগ করেছে শাসকদল। কমিশনের অফিস থেকে বেরিয়ে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই রাজ্যে সংহতি বজায় ছিল। নির্বাচন কমিশন ADG (আইনশৃঙ্খলা)কে সরাল। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী হওয়ার পর সরানো হল রাজ্য পুলিশের DG-কে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে আঘাত হানল, তার পূর্বাভাস ছিল। BJP সাংসদদের বক্তব্যে পরিষ্কার ছিল যে, তাঁর উপর আক্রমণ করা হতে পারে। DG-কে সরানোর পরের দিনই মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে নিরাপত্তাহীন অবস্থায় যে আক্রমণ হল, তার দায়িত্ব কার? আইনশৃঙ্খলা অবনতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা প্রতিবাদ জানিয়েছি কমিশনে।'

এদিন নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে সকালে তৃণমূল ও BJP কর্মীদের মধ্যে বচসা শুরু হয়। এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়। বুধবার বিরুলিয়া বাজারেই আহত হন মুখ্যমন্ত্রী। আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ও পুলিশ সুপার। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন জেলাশাসক ও পুলিশ সুপার। তাঁরা ঘটনাস্থল ছাড়ার পরই দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয় বলে জানা যাচ্ছে।ঘটনাস্থলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ BJP-র।

উল্লেখ্য, বুধবার নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তৃণমূল সুপ্রিমো। সন্ধেয় বিরুলিয়া বাজারে আহত হন মুখ্যমন্ত্রী। আচমকা কয়েকজন ধাক্কা মারেন বলে অভিযোগ করেছেন তিনি। জানা যায়, ধাক্কায় গাড়ির দরজা বন্ধ হয়ে মুখ থুবড়ে পড়ে যান তিনি। বাঁ পায়ে গুরুতর চোট লেগেছে তাঁর। এই ঘটনার পিছনে চক্রান্তের অভিযোগ তুলেছেন তৃণমূল সুপ্রিমো। তাঁর অভিযোগ, 'চার-পাঁচজন মিলে চক্রান্ত করে ধাক্কা দিয়েছে। আশপাশে ছিল না কোনও পুলিশ।' এরপরই গ্রিন করিডর করে মমতাকে কলকাতার SSKM হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে SSKM-এর উডবার্ন ওয়ার্ডের ১২.৫ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন মুখ্যমন্ত্রী।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে