আন্তর্জাতিক ডেস্ক : বোরখা নিষিদ্ধ করা হচ্ছে শ্রীলঙ্কায়। সেই সঙ্গে এক হাজারের বেশি ইসলামিক স্কুলও বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির জনসুরক্ষা মন্ত্রী সরথ বীরাসেকেরা। শনিবার তিনি এ কথা জানান। ২০১৯ সালে ইস্টার সানডেতে ধারাবাহিক বিস্ফোরণের জেরে সাময়িকভাবে শ্রীলঙ্কায় বোরখা নিষিদ্ধ করা হয়েছিল।
আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা জানায়, শ্রীলঙ্কায় মুসলিম মহিলাদের মুখমণ্ডল ঢাকা পোশাক নিষিদ্ধ করতে ইতিমধ্যেই কাগজপত্রে সই করে ফেলেছেন মন্ত্রী। শ্রীলঙ্কার মন্ত্রিসভায় অনুমোদন মিললেই বোরখা পরা নিষিদ্ধ হয়ে যাবে। জাতীয় সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছেন সরথ বীরাসেকেরা।
রথ বীরাসেকেরা বলেন, 'অতীতে আমাদের এখানে মুসলিম মহিলারা কখনই বোরখা পরতেন না। এটা ধর্মীয় গোঁড়ামির প্রতীক, যা বর্তমানে দেখা যাচ্ছে। আমরা নিশ্চিতভাবে এটা নিষিদ্ধ করতে চলেছি। হাজারেরও বেশি মাদ্রাসা বন্ধ করারও পরিকল্পনা নিয়েছে দেশের সরকার। বীরাসেকেরার দাবি জাতীয় শিক্ষা নীতি লঙ্ঘন করছে ওই প্রতিষ্ঠানগুলো। সে কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।