আন্তর্জাতিক ডেস্ক : সব কিছুই পাওয়া যায় অনলাইনে। তার ওপর আমাজনের মতো জনপ্রিয় ই-কমার্স সাইট, যেখানে অন্য সামগ্রীর সঙ্গে রয়েছে হরেক রকম পাপোশের পসরাও। আর সেই ভিড়েই কিনা উপস্থিত চীনা সংস্থা নির্মিত শ্রীলঙ্কার পতাকা আঁকা পাপোশও! যা দেখে হতবাক সবাই। প্রশ্ন উঠেছে, কোনও দেশের পতাকা আঁকা পাপোশ কি তৈরি করতে পারে কোনও সংস্থা?
আর সেটা বিক্রিও করা হতে পারে অনলাইনে? স্বাভাবিকভাবেই এই বিষয়ে বেশ আপত্তি তুলেছে শ্রীলঙ্কা সরকার। ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, আমাজনে ১২ ডলার দাম রাখা হয়েছে ওই পাপোশের। সেই সঙ্গে শিপিং খরচ হিসেবে অতিরিক্ত ৯ দশমিক ২০ ডলার চাওয়া হয়েছে। ইতোমধ্যেই দেশের চীনা দূতাবাসের নজরে আনা হয়েছে বিষয়টি। পাশাপাশি, চীনে অবস্থিত শ্রীলঙ্কা দূতাবাসকেও তা জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে জানানো হয়, পাপোশটি তৈরি করেছে 'শেংগং' নামের এক চীনা সংস্থা। ওই সংস্থার সঙ্গে যোগাযোগ করে বিষয়টি তাদের জানানোর নির্দেশ দিয়েছে শ্রীলঙ্কা সরকার। শ্রীলঙ্কার পররাষ্ট্র সচিব অ্যাডমিরাল জয়ন্ত কলম্বেজ বেজিংয়ে অবস্থিত শ্রীলঙ্কা দূতাবাসকে বিষয়টি জানানোর পাশাপাশি ওয়াশিংটনের শ্রীলঙ্কা দূতাবাসের কাছেও তা তুলে ধরেছেন। ইতোমধ্যেই 'ড্যামেজ কন্ট্রোল' করতে বিষয়টি নিয়ে মুখ খুলেছে বেইজিং।
শ্রীলঙ্কায় অবস্থিত চীনা দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রীলঙ্কার জাতীয় পতাকার এমন অনুপযুক্ত বিজ্ঞাপন দেখে তারাও উদ্বিগ্ন। তাদের বিবৃতিতে আমাজনকে অভিযুক্ত করা হলেও চীনের সংস্থাটির কোনও উল্লেখ করা হয়নি। বরং বিভিন্ন দেশের নানা সংস্থা যেভাবে কোনও কোনও দেশের পতাকা দিয়ে এই ধরনের পণ্য বাজারে নিয়ে আসছে সেকথা জানিয়ে ক্ষোভ জানানো হয়েছে বিবৃতিতে। বলা হয়েছে, যে কোনও দেশের জাতীয় পতাকাকেই পূর্ণ সম্মান দেখানো উচিত।
দূতাবাসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বেইজিং বরাবরই শ্রীলঙ্কার প্রতি সম্মান দেখিয়ে এসেছে। চীনের সঙ্গে শ্রীলঙ্কার কূটনৈতিক সম্পর্ক বন্ধুর মতোই। প্রসঙ্গত, অনেকেই ধারণা করছেন, শ্রীলঙ্কার হামবানটোটার মতো বন্দর 'লিজ' নিয়ে কার্যত তাদের উপরে আধিপত্য বিস্তার করতে শুরু করেছে বেইজিং।