সোমবার, ১৫ মার্চ, ২০২১, ০৪:২৮:৪২

দ্বিতীয় বিয়েতে আপত্তি, বিদ্যুতের খুঁটিতে উঠে পড়ল বিয়ে-পাগল বৃদ্ধ

দ্বিতীয় বিয়েতে আপত্তি, বিদ্যুতের খুঁটিতে উঠে পড়ল বিয়ে-পাগল বৃদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক : পাঁচ সন্তানের পিতা। বয়স ৬০ বছর। চার বছর আগে স্ত্রী মারা গেছেন। বৃদ্ধের ইচ্ছা, দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসবেন। কিন্তু বাধ সেধেছে সন্তানরা। তাই নাছোড়বান্দা বৃদ্ধ উঠে পড়লেন বিদ্যুতের খুঁটিতে। আত্মহত্যার হুমকি দিলেন পরিবারের সদস্যদের।

ঘটনাটি ঘটেছে রবিবার ভারতের রাজস্থানের ঢোলপুর জেলায়। ১১ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটিতে বৃদ্ধ উঠে পড়ায় হকচকিয়ে যান পরিবারের সদস্যরা। ঘটনার কথা জানতেই তারা খবর দেন মাধা ভাউ বিজলি সাব স্টেশনে। দ্রুত বিদ্যুত্‍ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এই কাণ্ড যখন ঘটিয়েছেন সোবরান সিং, তখন প্রচুর মানুষ হাজির হয়েছিল ঘটনাস্থলে। প্রত্যেকেই সোবরানকে আর্জি জানান নেমে আসার জন্য। 

বহু মিনতির পর শেষ অবধি বিদ্যুতের খুঁটি থেকে নেমে আসেন সোবরান। গ্রামবাসীরা স্বস্তির নিশ্বাস ফেলেন। জানা গেছে, সোবরানের তিন ছেলে ও দুই মেয়ে। তাদেরও বিয়ে হয়ে গেছে। সন্তানও রয়েছে তাদের। কিছুদিন ধরেই দ্বিতীয় বিয়ের জন্য পাগল হয়ে উঠেছিলেন সোবরান। কিন্তু তার সন্তান, নাতি ও নাতনিরা আপত্তি জানাচ্ছিলেন। রবিবারও পরিবারের লোকেদের সঙ্গে তুমুল তর্ক হয় তার। এরপরই আত্মহত্যা করবেন বলে উঠে বসেন ১১ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটিতে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে