আন্তর্জাতিক ডেস্ক: বছরজুড়েই বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর নিত্যনতুন বাহারি আইটেমের অপেক্ষায় থাকেন ফ্যাশনপ্রেমীরা। বাজারে এলেই সবার আগে পণ্যটি লুফে নেয়ার প্রতিযোগিতায়ও মেতে থাকতে দেখা যায় তাদের। এবার তেমনি এক অভিনব পণ্য লুফে নিতে প্রতিযোগিতায় নেমেছেন ফ্যাশনপ্রেমীরা। নিউইয়র্কভিত্তিক একটি ক্রীড়াসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানের তৈরি ব্যতিক্রমী এক জুতা নিয়ে রীতিমতো তোলপাড় ফ্যাশন দুনিয়ায়। কারণ এর সোলে ব্যবহার করা হয়েছে সত্যিকারের মানুষের রক্ত। তবে, জুতাটিতে নিজেদের ডিজাইন ও লোগো ব্যবহার করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিশ্বখ্যাত ব্র্যান্ড নাইকি।
এবার শয়তানের জুতা নিয়ে বিতর্কে নিউইয়র্ক ভিত্তিক একটি ক্রীড়াসামগ্রী উৎপাদন প্রতিষ্ঠান। আর এতে নিজেদের লোগো ব্যবহার করায় প্রতিষ্ঠানটির নামে মামলা ঠুকে দিয়েছে বিশ্বখ্যাত ব্র্যান্ড নাইকি।
এমএসসিএইচএফ নামে ওই প্রতিষ্ঠানটি সম্প্রতি বাজারে এনেছে এমন এক জুতা যার নাম দেয়া হয়েছে ‘শয়তানের জুতা’। আর এর সোলে ব্যবহার করা হয়েছে এক ফোঁটা মানুষের ‘রক্ত’। বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করে নাইকি। একই সঙ্গে ওই জুতার সঙ্গে নিজেদের কোনো ধরনের সম্পৃক্ততার কথাও অস্বীকার করে বিশ্বখ্যাত এই ফ্যাশন ব্র্যান্ডটি। শুধু তাই নয়, জুতাটিতে নিজেদের ডিজাইন ও লোগো বিকৃত করে ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ নাইকির।
'নাইকি এয়ার ম্যাক্স' জুতার আদলে তৈরি এই শয়তানের জুতার মূল্য ধরা হয়েছে ১ হাজার ডলার, বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ৯০ হাজার টাকা। জুতাটির প্রমোশনে যুক্ত হয়েছে মার্কিন র্যাপার 'লিল নাস এক্স'। অবিশ্বাস্য হলেও সত্যি, বাজারে আনার মাত্র ১ মিনিটেই বিক্রি হয়ে গেছে জুতাটির সাড়ে ছয় শতাধিক জোড়ার সবগুলো।