আন্তর্জাতিক ডেস্ক: ভোট মেটার পর বাংলায় রাজনৈতিক অশান্তি অব্যাহত। বাংলার মাটিতে কেন্দ্রীয় মন্ত্রীর গাড়িতে হামলার অভিযোগ উঠল। পশ্চিম মেদিনীপুরের পাঁচকুদি এলাকায় কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরনের গাড়িতে স্থানীয়রা হামলা চালিয়েছেন বলে সংবাদসংস্থা ANI সূত্রে খবর। যদিও BJP-র পক্ষ থেকে দাবি করা হয়েছে, গাড়ি ভাঙচুরে অভিযুক্তরা তৃণমূলের লোক।
এই ঘটনা প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সংবাদমাধ্যমে বলেন, 'এই ঘটনায় তৃণমূল জড়িত নয়। মিথ্যা কথা বলছে BJP। নিজেদের পরাজয় মেনে নিতে পারছে না। উস্কানি দিচ্ছে।'
ভোট পরবর্তী হিংসা ঘিরে উত্তপ্ত বাংলা। ফল ঘোষণার পর রাজনৈতিক অশান্তি নিয়ে জোর তৎপর হল কেন্দ্র সরকার। বুধবার রাজ্য সরকারকে কড়া চিঠি দেওয়ার পর বৃহস্পতিবার বাংলায় চার সদস্যের দল পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জানা যাচ্ছে, অতিরিক্ত সেক্রেটারি পর্যায়ের এক অফিসারের নেতৃত্বে ওই দল পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গে। হিংসার ঘটনায় পরিস্থিতি খতিয়ে দেখবে ওই দল।-এই সময়