আন্তর্জাতিক ডেস্ক: কোনভাবেই থামানো যাচ্ছে না ভারতের করোনার ভয়াবহ ছোবল। কয়েকদিন একটু কমতির দিকে হলেও আবারো গতি বাড়ছে করোনার আক্রান্ত ও মৃত্যুর হার। বৃহস্পতিবার প্রকাশিত তথ্যে দেখা গেছে ফের এক দিনে চার লাখের বেশি ও সর্বোচ্চ সংখ্যক করোনাভাইরাস বা কোভিড-১৯ রোগী শনাক্ত হয় দেশটিতে। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে আরো ভয়ঙ্কর দৃশ্য উঠে এসেছে।
দিকে গত ২৪ ঘণ্টায় ভারতে চার লাখ ১৪ হাজারের বেশি নতুন আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। যা এ পর্যন্ত এক দিনে সর্বোচ্চ সংখ্যক। তা ছাড়া এনিয়ে তৃতীয়বার প্রতিবেশী দেশটিতে দৈনিক আক্রান্ত চার লাখের সীমা অতিক্রম করলো।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে চার লাখ ১৪ হাজার ১৮৮ জন। যা এক দিনে আক্রান্তের হিসাবে সর্বোচ্চ। শুধু ভারতেই নয়, এটি বিশ্ব রেকর্ডও বটে। এনিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা হলো দুই কোটি ১৪ লাখ ৯১ হাজার ৫৯৮ জন। এর আগের দিন ভারতে করোনায় আক্রান্ত বা কোভিড রোগী শনাক্ত হয় চার লাখ ১২ হাজার ২৬২ জন। বৃহস্পতিবার পর্যন্ত এক দিনে আক্রান্তের হিসাবে এটিও ছিল ভারতে ও বিশ্বে সর্বোচ্চ রেকর্ড।
এ দিকে বৃহস্পতিবার এক দিনে করোনায় মৃত্যু হয় তিন হাজার ৯৮০ জন। শুক্রবার এই সংখ্যা বেড়ে হয়েছে তিন হাজার ৯১৫ জন। এনিয়ে করোনায় আক্রান্ত হয়ে নরেন্দ্র মোদির দেশে মোট প্রাণ দুই লাখ ৩৪ হাজার ৮৩ জনের। মোট মৃত্যুর সংখ্যায় মেক্সিকোকে পেছনে ফেলে বর্তমানে বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে ভারত। আর আক্রান্তের সংখ্যায় শুধু যুক্তরাষ্ট্রে পেছনে আছে এশিয়া মহাদেশের সবচেয়ে বিপর্যস্ত দেশটি।