মিসরের মধ্যস্ততায় হামাস ও ইসরাইলের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। ইসরাইলি কর্তৃপক্ষ বলছে, মিসর এখন ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের প্রতি সমর্থন দেখাচ্ছে আর তাদের পক্ষ নিচ্ছে। তারা দাবি করেছেন মিসরের হামাসের পক্ষ নেয়ার বিষয়টি নিরাপত্তা বাহিনীগুলোর প্রতিবেদনের মাধ্যমে স্পষ্ট হয়েছে।
স্থানীয় সময় রোববার সামা নিউজ এ সংবাদ প্রকাশ করেছে। ফিলিস্তিন দখলকারী ইসরাইলের নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো জানিয়েছে, ‘সম্প্রতি মিসর ও যুক্তরাষ্ট্রের প্রশাসনের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে। গাজায় ইতিবাচক সব পদক্ষেপ নিচ্ছে মিসর।
এসব ইতিবাচক পদক্ষেপগুলোর বিষয়ে ইসরাইলের নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো বলছে, ‘গাজার জনগণ ও পণ্যসামগ্রী সরবরাহের জন্য রাফাহ সীমান্ত খুলে দিয়েছে মিসর। এছাড়া অবরুদ্ধ গাজা ভূখণ্ড পুনর্গঠনের জন্য ভারী নির্মাণ সামগ্রীও মিসর থেকে ফিলিস্তিনে প্রবেশ করেছে।
ইসরাইলের ওয়াল্লা নিউজ সাইটের মতে, ‘গাজার জন্য মিসর এসব ইতিবাচক কাজ করছে, যদিও ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গানটজ বলেছেন যে বন্দী ইসরাইলি সেনাদের মুক্তির বিষয়ে কোনো অগ্রগতি না হলে, গাজায় পুনর্নির্মাণের কোনো কাজ হবে না বা স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি হবে না।
ইসরাইলের নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো আরো বলেছে, ‘মিসর পরিস্কারভাবে হামাসের পক্ষ নিচ্ছে, মিসরের কর্মকর্তারা গাজা পুনর্গঠন কার্যক্রম থেকে আর্থিকভাবে লাভবান হতে চান। সূত্র : মিডলইস্ট মনিটর